জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষকরা অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রীকে ভুল পথে পরিচালিত করছেন আমলারা। শিক্ষকদের সিলেকশন গ্রেড বহাল ও পৃথক বেতন স্কেলের দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা অবস্থান কর্মসূচি পালনকালে তারা এ মন্তব্য করেন।
মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাহীন মোল্লা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘এক সময় বঙ্গবন্ধুকে মোশতাক ভুল পথে পরিচালিত করেছিলেন। এখন মুষ্টিমেয় কিছু আমলা প্রধানমন্ত্রীকে ভুল পথে পরিচালিত করছেন।’
তিনি আরও বলেন, ‘২০১৪ ও ২০১৫ সালের জানুয়ারিতে দেশে পেট্রোল বোমা মেরে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছিল। আর ২০১৬ সালের জানুয়ারিতে আমাদের হৃদয়ে একই ভাবে পেট্রোলবোমার আঘাতের যন্ত্রণা তৈরি হয়েছে।’
একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া এ আগুন কেউ নেভাতে পারবেন না বলে উল্লেখ করেন তিনি।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক কামাল হোসেন বলেন, ‘শিক্ষকদের কাছে পড়াশোনা করেই সচিব-আমলার সৃষ্টি। আমরা না পড়ালে তারা সচিব হতে পারতেন না। তাদের সঙ্গে আমাদের কোনও তুলনা চলে না।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. কাজী সাইফুদ্দীন বলেন, ‘আজ শিক্ষামন্ত্রীর কাছে একটি প্রস্তাবনা পাঠানোর কথা রয়েছে। আমরা হয়তো অতি শিগগিরই একটি সম্মানজনক সমাধান পাবো।’
বৃহস্পতিবার টানা চতুর্থ দিনের মত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কাজ বন্ধ রয়েছে। ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষকদের ছাড়া শিক্ষার্থীদেরকে তেমন দেখা যায়নি।
অবস্থান কর্মসূচির অন্যান্য বক্তারা হলেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাসছুন নাহার, মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. অশোক কুমার সাহা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. অরুণ কুমার গোস্বামী প্রমুখ।
/এনএস/এমএসএম/এইচকে/








