বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতনের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ শিকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মারুফ হোসেন সরকার শনিবার দুপুর ১টার দিকে বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে একই অভিযোগে সোমবার তাকে ক্লোজ করা হয়। মাসুদকে ক্লোজ করে তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনারের দফতরে নেওয়া হয়।
এর আগে শনিবার (৯ জানুয়ারি) রাতে এসআই মাসুদ শিকদারের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী কর্মকর্তা গোলাম রাব্বীকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করে গোলাম রাব্বী সময় টেলিভিশনের সংবাদ উপস্থাপক হিসেবেও কাজ করেছেন। এরপর বাংলাদেশ ব্যাংকে যোগ দেন।
গোলাম রাব্বীর অভিযোগ- ‘শনিবার রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পের সামনের সড়ক হয়ে বাসার দিকে যাচ্ছিলাম। ক্যাম্পের সামনে পুলিশ আমার গতিরোধ করে। আমার কাছে নেশাজাতীয় দ্রব্য কাছে উল্লেখ করে তল্লাশি শুরু করে। বারবার বলছিলেন কোথায় আছে ইয়াবা আর অস্ত্র। বিভিন্ন অশ্লীল মন্তব্যও করছিলেন। আমি প্রতিবাদ করি। বিতর্কের এক পর্যায়ে শুরু হয় মারধর। আমি শুরু থেকেই আমার পরিচয় দিয়েছি। কিন্তু তারা কিছুই শুনছিল না।’
তিনি আরও বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, বিসিএস ক্যাডার, পরিচিত পুলিশ কর্মকর্তাদের পরিচয় দিয়েছি। উপায় না পেয়ে ছাত্রলীগের বর্তমান সভাপতির নামও বলেছি। কিন্তু তাও তারা শোনেনি। এরপর তারা আমাকে জোর করে গাড়িতে তুলে নেয়। এর মধ্যে বিষয়টি আমি আমার পরিচিত বন্ধু ও সাংবাদিকদের জানাই। তারা রাতে এসে আমাকে আসাদ গেটে পুলিশের গাড়িতে দেখতে পায়।’
খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার রাতে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ শিকদারে নেতৃত্বে পুলিশের ওই টহল টিমটি ছিল। তবে বাকি পুলিশ সদস্যদের নাম জানা যায়নি।
এ ব্যাপারে এসআই মাসুদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বিহারি ক্যাম্পের সামনে তাকে তল্লাশি করতে চাইলে তিনি বাধা দেন। পরে তাকে থানায় নিতে চাইলে তিনি বাকবিতণ্ডায় জড়ান।’ মারধরের অভিযোগ অস্বীকার করেন এসআই মাসুদ।
এদিকে পুলিশি হয়রানির খবর পেয়ে ঘটনাস্থলে যান তিন সাংবাদিক। তারা গোলাম রাব্বীর সাবেক সহকর্মী ছিলেন। তাদের মধ্যে একজন রেডিও ধ্বণির সাংবাদিক জাহিদ হাসান। তিনি জানান, ‘পুলিশের কাছে রাব্বী পরিচয় দিয়েছিল। কিন্তু তারা টেনে-হিঁচড়ে তাকে পিকআপ ভ্যানে তোলে।’
তিনি বলেন, ‘খবর পেয়ে আমিসহ তিনজন আসাদ গেট এলাকায় যাই। আড়ং থেকে আসাদ গেট এলাকায় যানজটে আটকা পড়ে পুলিশ ভ্যান। এরপর উদ্ধার করতে গেলে রাব্বীর কাছে গাঁজা, হেরোইন পাওয়া গেছে বলে দাবি করে পুলিশ। এক পর্যায়ে রাত ১টার দিকে রাব্বীকে ছাড়ে তারা।’
এ ব্যাপারে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন গোলাম রাব্বী।
/জেইউ/এফএস/








