বিমানবন্দরে করোনা পরীক্ষার ল্যাব চালু কবে, বলতে পারলেন না দুই মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২১, ১৩:১৮আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৩:২৭

সংযুক্ত আরব আমিরাতের শর্ত অনুযায়ী দেশটিতে প্রবেশের ক্ষেত্রে যাত্রীদের বিমানবন্দরে করতে হবে করোনা পরীক্ষা। আর এই পরীক্ষার জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিং ভবনের ছাদে ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও আপত্তি জানিয়েছে ল্যাব স্থাপনে অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো। এই সংকট নিরসন ও নতুন স্থান নির্ধারণের বিষয়ে বিমানবন্দরে এসেছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তারা জানালেন ‑ ছাদে ল্যাব স্থাপনের অনুকূল পরিবেশ তৈরি হওয়ার আগে সাময়িকভাবে বিমানবন্দরের ভেতরেই ল্যাব স্থাপন করা হবে। তবে কবে নাগাদ ল্যাব চালু হবে, ফ্লাইট শুরু হবে - তা নিশ্চিত করে জানাতে পারলেন না দুই মন্ত্রী।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে বিমানবন্দরে তাদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, প্রবাসী কল্যাণ সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ সংশ্লিষ্টরা।

কবে নাগাদ বিমানবন্দরে করোনার পরীক্ষাগার চালু হবে এমন প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, এটা তো এক সপ্তাহ আগে হওয়া উচিত ছিল। কিন্তু বাস্তবে সেটা হয়নি। বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা থাকায় একটু সময় লাগছে। এই সমস্যার আজ মোটামুটি একটা সমাধান হয়েছে।

মন্ত্রী ইমরান আহমেদ বলেন, সংযুক্ত আরব আমিরাত চেয়েছে বিমানবন্দরে র‍্যাপিড পিসিআর টেস্ট, এদিকে আমাদের দেশে র‍্যাপিড পিসিআর পরীক্ষার যন্ত্র নেই।

বিমানবন্দরে করোনা পরীক্ষার আরটি-পিসিআর ল্যাব বসাতে অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) মানসম্মত কিনা তা যাচাই করতে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে। আরব আমিরাতে পাঠানো এসওপি প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ বিষয়টি সিভিল এভিয়েশনের কাজ, এটা প্রবাসী কল্যাণ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেখার বিষয় নয়। এটা তারা কোথায় পাঠিয়েছেন, কোথায় ক্লিয়ারেন্স পাবেন সেই ভিত্তিতে সিভিল এভিয়েশন কাজ করে যাবে। আগের সিদ্ধান্ত ছিল সাতটি প্রতিষ্ঠানকে পরীক্ষাগার করতে দেওয়া হবে। টেকনিক্যাল কমিটি সিলেকশন করেছে। এটা আমাদের কাছে পাঠানো হয়েছে, এর পরে সেটি আমরা সিভিল এভিয়েশনের কাছে পাঠিয়ে দিয়েছি। আপাতত আরটি-পিসিআর ল্যাবের কাজ দিচ্ছি, পরে র‍্যাপিড পরীক্ষাও আমরা বিবেচনায় নিব। এটা কোথায় গিয়ে ঠেকবে আমি এখনো বলতে পারছি না।

ছাদে ল্যাব স্থাপনের বিষয়ে ইমরান আহমেদ বলেন, বিমানবন্দরে পার্কিংয়ের ছাদ তৈরি করতে ১০ দিন লাগবে।  বিমানবন্দরের ভেতরেও জায়গায় আছে, সেখানে দুই থেকে তিন দিনের মধ্যে কাজ হবে। যারা কাজ করবে বলেছিলো‑ তারা যদি এখন বলে যন্ত্র নেই, আমদানি করতে হবে, তাহলে আমি বলবো বাড়িতে চলে যাও। অঙ্গীকার অনুযায়ী, আগামী তিন দিনের মধ্যে ল্যাব বসাতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন,  পরীক্ষার জন্য লাগবে পরীক্ষাগার, সেই পরীক্ষাগার বসাতে জায়গা লাগবে। দ্রুত এই কাজ শুরু করার জন্য বিমানবন্দরের ভিতরে একটি জায়গা দেওয়া হয়েছে। ৬টি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে, তারা আপাতত ছোট আকারে সেখানে পরীক্ষাগার বসাবে। যত তাড়াতাড়ি সম্ভব এ কার্যক্রম শুরু করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন,  বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের ছাদে স্টিলের কাঠামো করে পরে করোনার আরেকটি পরীক্ষাগার বসানো হবে। সেই জায়গা শীতাতপ নিয়ন্ত্রিত হবে, পানি ও বিদ্যুতের ব্যবস্থা থাকবে। এটা করতে হয় তো একটু সময় লাগবে।

কবে নাগাদ ল্যাব চালু হবে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের যে কাজ ছিল, সেটি মন্ত্রণালয় থেকে করা হয়েছে। আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে দিয়ে দিয়েছি। আমরা যে কয়টি প্রতিষ্ঠান নাম প্রস্তাব করেছিলাম সে কয়টি তারা নির্বাচিত করেছেন।

এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, করোনার পরীক্ষাগার স্থানান্তরের সিদ্ধান্ত সরকারিভাবে হয়েছে। এ কারণে নতুন করে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর আবার দিতে হবে কিনা আমি নিশ্চিত না।

বিমানবন্দরের ভিতরে জায়গা প্রসঙ্গে বেবিচক চেয়ারম্যান বলেন, ভিতরের জায়গা ছোট। পরীক্ষাগার বসানো হলে আমরা বুঝতে পারবো কয়টা বুথ বসিয়ে কতজনকে একসঙ্গে পরীক্ষা করা যাবে।

/সিএ/এমএস/
সম্পর্কিত
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী