তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, প্রধানমন্ত্রী স্বাস্থ্যবান জাতি গঠনে অতুলনীয় ভূমিকা রাখছেন। ভ্যাকসিন রাজনীতিতে বিশ্বের সফলতম রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২১ উপলক্ষে রবিবার (১০ অক্টোবর) জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অসম বিশ্বে মানবসম্পদের উন্নয়নের জন্য মানসিক স্বাস্থ্য অপরিহার্য। বর্তমান বিশ্বের জন্য বড় সমস্যা হচ্ছে মানসিক স্বাস্থ্য। মানুষ ডাক্তারের কাছে যেতে ভয় পায়। কিন্তু মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে হবে, ভাবতে হবে, বুঝতে হবে, বুঝাতে হবে।
হেলথ টিভি'র চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মড ফোর্সেস এর সাবেক কনসালটেন্ট অধ্যাপক ডা. মেজর জেনারেল (অব.) আব্দুল আলী মিয়া, মানস-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা, অরূপ রতন চৌধুরীসহ আরও অনেকে।
এর আগে সকালে সকালে প্রতিমন্ত্রী সচিবালয়ে তার অফিসকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ই-কমার্স প্রসঙ্গে বলেন, ই-কমার্স নিয়ে পৃথিবীর কোথাও কোনও আইন হয়নি। প্রায় সবদেশেই প্রতারণার ঘটনা ঘটছে তবে বাংলাদেশ ই-কমার্সের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে আইন করবে। ই-কমার্সের মাধ্যমে যারা অর্থ পাচার করেছে সবাইকে আইনের আওতায় আনা হবে। পাচার হওয়া অর্থ অবশ্যই উদ্ধার করা হবে।
ক্লিনফিড নিয়ে প্রশ্নের জবাবে ডা. মুরাদ হাসান বলেন, এটা অব্যাহত থাকবে অনেক সময় দেওয়া হয়েছে তাও প্রায় পনের বছর আর না। এভাবে চলতে পারেনা আমরা টাকা দিয়ে বিদেশি চ্যানেল দেখবো এমনকি বিজ্ঞাপনও,আর আমাদের দেশের টিভি চ্যানেল ফ্রি?









