জাতীয় বেতন কাঠামোয় অর্থমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতিসমূহ পূরণ ও এর অসঙ্গতি দূর করার দাবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে গণভবনে পৌঁছেছেন আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। প্রধানমন্ত্রীর নিমন্ত্রণেই তারা সেখানে গেছেন।
এর আগে রবিবার প্রধানমন্ত্রী বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে আলাদা বৈঠক করবেন না তিনি। গণভবনে আয়োজিত পিঠা উৎসবে তিনি শিক্ষকদের নিমন্ত্রণ জানান।
শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এএসএম মাকসুদ কামাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদেরকে প্রধানমন্ত্রী চায়ের দাওয়াত দিয়েছেন, সঙ্গে আরও অনেককেই দিয়েছেন।’
অন্যদিকে শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ড. ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা রওনা দিয়েছি প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশ্যে। শুধু আমি নই, ফেডারেশনের সবাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সবাই আমরা একসঙ্গে রওনা দিয়েছি।’
ওখানে কোনও আলোচনা হবে কিনা জানতে চাইলে ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘শুধু আমরা নই, হাজার হাজার মানুষ থাকবে পিঠা উৎসবে। সেখানে কী আর এসব বিষয় নিয়ে কথা বলা সম্ভব হবে। তবে যদি প্রধানমন্ত্রী কিছু বলেন তাহলে আমরা আমাদের দাবি সম্পর্কে কথা বলবো।’
উল্লেখ্য, মর্যাদা ও বেতন প্রশ্নে বিভিন্ন পর্যায়ে আন্দোলনের পর ১১ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি পালন করে আসছেন দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গত ২ জানুয়ারি এই লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সবকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা এ কর্মসূচি পালন করছেন।
/পিএইচসি/এফএস/








