পরিকল্পিত দেশ গঠনে নগর পরিকল্পনাবিদ নিয়োগ দিবে সরকার: এলজিআরডিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২১, ১৬:০৯আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৬:০৯

পরিকল্পিত দেশ গঠনে সরকার পৌরসভাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে একজন করে পরিকল্পনাবিদ নিয়োগের চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শনিবার (৩০ অক্টোবর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্লানার্স-বিআইপি আয়োজিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অন আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পরিকল্পিত উন্নয়নের জন্য পরিকল্পিত দেশ প্রয়োজন। এক্ষেত্রে পরিকল্পনাবিদের অংশগ্রহণ অনস্বীকার্য। টেকসই উন্নয়নের জন্য সবকিছু পরিকল্পিতভাবে করতে হবে। শহর-নগর-গ্রাম পরিকল্পনা অনুযায়ী না করলে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন হয়ে পড়বে।

তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নতির পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিকভাবেই এখন নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। স্বল্প জমি ব্যবহার করে অধিক নাগরিক সেবা নিশ্চিত করার জন্য পরিকল্পনার কোনও বিকল্প নেই। এ লক্ষ্যে পৌরসভা ছাড়াও যেখানে প্রয়োজন সেখানেই পরিকল্পনাবিদ নিয়োগের ব্যবস্থা নিবে সরকার।

পরিকল্পিত দেশ গঠনে নগর পরিকল্পনাবিদদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আবাসিক, বাণিজ্যিক, স্কুল-কলেজ, ক্লিনিক-হাসপাতাল, খেলার মাঠ, বিনোদন কেন্দ্র কোথায় হবে ‑ এগুলো নির্ধারণ করার দায়িত্ব তাদের। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, গ্রাম-নগর সবখানেই অপরিকল্পিতভাবে অবকাঠামো নির্মিত হচ্ছে। এজন্য নগরবিদ এবং স্থাপত্যবিদসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান মন্ত্রী।

তাজুল ইসলাম বলেন, ওয়াসার কাছ থেকে খালের দায়িত্ব দুই সিটি করপোরেশনকে দেওয়ার পর তারা দখলকারীদের কাছ থেকে উদ্ধার করে তা সংস্কার করছে। রাজধানীর সকল খালগুলোকে হাতিরঝিলের আদলে গড়ে তোলা হবে জানিয়ে তিনি বলেন, এটা করা হলে ঢাকা বিশ্বের মধ্যে একটি আধুনিক দৃষ্টিনন্দন, বাসযোগ্য নগরে রূপান্তরিত হবে।

মন্ত্রী জানান, যেসব পৌরসভায় প্রধান নির্বাহী কর্মকর্তা-সিইও নিয়োগ দেওয়া হয়েছে সেসব পৌরসভার রিপোর্ট পর্যালোচনা করে দেখা গেছে‑ পৌরসভার রাজস্ব আয় কয়েকগুণ বৃদ্ধিসহ বিভিন্ন সেক্টরে অভূতপূর্ব সাফল্য এসেছে। পাশাপাশি এসব প্রতিষ্ঠানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিআইপি'র প্রেসিডেন্ট প্রফেসর ড. আখতার মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম প্রমুখ।

/এসএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম