করোনা প্রতিরোধে টিকা নেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষকে আরও বেশি উৎসাহিত করতে ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’ সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বিশ্ব এইডস দিবস উপলক্ষে বুধবার ( ১ ডিসেম্বর) সকালে মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন (বিসিপিএস) মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওমিক্রন ডেলটা ভ্যারিয়েন্ট থেকেও বেশি শক্তিশালী বলে শোনা যাচ্ছে। এখনও সেভাবে প্রমাণিত হয়নি। কীভাবে এটা মানুষকে ক্ষতি করবে এবং এই ভ্যাকসিন কার্যকর হবে কিনা, ভ্যাকসিন দিয়ে দমন করা যাবে কিনা সে বিষয়টি এখনও জানা যায়নি। বিভিন্ন দেশে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়ে গেছে।
দেশে ওমিক্রন প্রতিরোধে তিনি বলেন, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং ভ্যাকসিন নিতে হবে।
এর আগে মঙ্গলবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ নো ভ্যাকসিন, নো সার্ভিস সর্ম্পকে তিনি বলেন, ‘গতকাল আমরা বলেছি, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি স্লোগান শুরু করেছি। আগে নো মাস্ক, নো সার্ভিস ছিল। এখন আমরা নো ভ্যাকসিন, নো সার্ভিস শুরু করতে চাই। দেশকে নিরাপদ রাখতে চাই। অসুস্থ জাতি কখনও এগিয়ে যেতে পারে না।’









