এক সময় চাঁদাবাজের কাছ থেকে টাকার জন্য ফোন পেতেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আগে কাওরান বাজার এলাকা অনেক সন্ত্রাসপ্রবণ ছিল উল্লেখ করে তিনি জানান, মন্ত্রী হওয়ার আগে ব্যবসায়ীক কর্মকাণ্ড পরিচালনার সময় চাঁদাবাজদের ফোন পেতেন। শনিবার (১১ ডিসেম্বর) সকালে ঢাকা ওয়াসার একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজদের কাছ থেকে ফোন পাওয়া একসময় কমন ব্যাপার ছিল। আমি জোর গলায় বলতে পারি সন্ত্রাসীরা ঢাকাছাড়া হয়েছে। মাঝেমধ্যে চাঁদাবাজির যেসব ঘটনা মিডিয়ার সামনে আসে সেগুলো আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ়ভাবে সামাল দিচ্ছে। এক সময় কাওরান বাজার এলাকা সন্ত্রাসপ্রবণ ছিল। শুধু কাওরান বাজার নয় পুরো ঢাকা শহর সন্ত্রাসপ্রবণ ছিল। কোনও ব্যবসায়ী শান্তিতে ছিল না। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী এসব বিষয়ে দৃঢ় হাতে কন্ট্রোল করছে বলেই ব্যবসায়ীরা শান্তিতে আছেন, ব্যবসা করতে পারছেন।
ঢাকা ওয়াসা আয়োজিত নিম্নআয়ের এলাকার আদর্শ গ্রাহকদের সম্মাননা স্মারক বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তাসকিম এ খান বলেন, ওয়াসা ডিজিটালাইজেশনের কাজ চলছে। আমরা ওয়াসাকে ডিজিটালাইজড করবো, সেজন্য সবার সহায়তা চাই।









