প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেন, বিশ্বের সেরা ১০ জন সফল রাষ্ট্রনায়কের একজন আমাদের প্রধানমন্ত্রী। এ স্বীকৃতিও আমাদের জন্য গর্বের। শুক্রবার মদনমোহন কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে দুদিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী দিনে তিনি এই মন্তব্য করেন।
এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠানমালার উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সমাপনী দিনে প্রধান বিচারপতি বলেন, আমাদের প্রিয় এ দেশ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, প্রযুক্তি, অর্থনীতিসহ প্রতিটি ক্ষেত্রে আমরা ঈর্ষণীয় সাফল্য পাচ্ছি। এই সাফল্য সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে।
এস কে সিনহা বলেন, আমরা ছাত্রবান্ধব শিক্ষক চাই। শিক্ষকরা হবেন ছাত্রদের আদর্শ। ছাত্র-শিক্ষক সুসম্পর্ক আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঈর্ষণীয় পর্যায়ে পৌঁছাবে। মানসম্পন্ন শিক্ষাই বুদ্ধিভিত্তিক উন্নয়ন। তিনি বলেন, আলোকিত মানুষ ও সমাজ গড়তে হলে সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা নয়, সুশিক্ষা প্রয়োজন। তাই সব সংকীর্ণতা পরিহার করে মানুষে মানুষে সম্মিলন ঘটানোর শিক্ষা নিতে হবে। অর্জিত জ্ঞান ও মনন দিয়ে আত্মনিয়োগ করতে হবে দেশমাতৃকার কল্যাণে। দেশের ১৬ কোটি মানুষকে উন্নয়নের স্বাদ দিতে তাদের ভেতরে আদর্শ, সামাজিক ও রাজনৈতিক প্রভেদ ও বিভেদগুলো ক্রমান্বয়ে সংকুচিত করা প্রয়োজন। দ্বন্দ্ব-বিভাজন থাকলে সমস্যা বাড়ে, বাড়ে দুঃখ-কষ্ট।
কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় সংসদে সরকার দলীয় হুইপ শাহাব উদ্দিন, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সুপ্রিম কোর্টেও রেজিস্ট্রার সৈয়দ আমিরুল ইসলাম, জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারী ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ই.ইউ শহিদুল ইসলাম শাহিন প্রমুখ।
/এমএনএইচ/








