বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৯ ও ২০ ডিসেম্বর উদযাপিত হতে যাওয়া ‘বিজিবি দিবস-২০২১’-এর অনুষ্ঠানে যোগ দিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মহাপরিচালক পঙ্কজ কুমার সিংয়ের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় পৌঁছেছে। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধিদলের সদস্যরা পৌঁছান। বিমানবন্দরে তাদের স্বাগত জানান বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ সাফিনুল ইসলাম। এসময় তার স্ত্রী সোমা ইসলাম সাথে ছিলেন।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রার মাধ্যমে বিএসএফ প্রতিনিধিদল বিজিবি সদর দফতরে পৌঁছায়। রাজধানীর পিলখানায় ‘সীমান্ত গৌরব’ এ মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিএসএফ মহাপরিচালক।
বিএসএফ মহাপরিচালকের এই সফর বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিরাজমান পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার, দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি ও উভয় দেশের সীমান্ত সমস্যা নিরসনে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে বলে মনে করে বিজিবি।
বিজিবি সীমান্ত পরিবার কল্যাণ সমিতির প্রধান পৃষ্ঠপোষক সোমা ইসলামের আমন্ত্রণে বিএসএফ ওয়াইফড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল সীমান্ত পরিবার কল্যাণ সমিতি এবং সীমান্ত অফিসার্স লেডিস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন। এতে করে বিজিবি ও বিএসএফের পরিবারগুলোর পারস্পরিকভাবে অভিজ্ঞতা বিনিময় করেন।
বিএসএফের প্রতিনিধিদলটি ২১ ডিসেম্বর ভারতে ফিরে যাওয়ার কথা রয়েছে।









