বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশে মাথাপিছু আয় বিগত সরকারের চেয়ে তিনগুণ বেড়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ২০২০ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। শনিবার দুপুরে ফরিদপুর শহরের কোমরপুরের পল্লী প্রগতি সহায়ক সমিতির বার্ষিক সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, নারীদের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। নারীদের ঘরে বসে থাকলে চলবে না। তাদেরও এখন বাইরে বের হয়ে দেশের উন্নয়নে সম্পৃক্ত হতে হবে।
এলজিআরডিমন্ত্রী আরও বলেন, নারীদের উন্নয়নের পাশাপাশি দেশের অবহেলিত চরাঞ্চলের মানুষের ব্যাপক উন্নয়ন করা হবে।
সভায় আরও বক্তব্য রাখেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুর করীম, উপ-ব্যবস্থাপনা পরিচালক গোলাম তৌহিদ, সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হাসান লোচনসহ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবদুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ড. আবু নাঈম মোহাম্মদ ছবুর, অতিরিক্ত পুরিশ সুপার মো. কামরুজ্জামান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. নুর হোসেন ভুঁইয়া প্রমুখ।
/এআর/এমএনএইচ/








