আর্থিক দুর্নীতি বা যেকোনও তদন্ত প্রতিবেদন যদি ড্রয়ারে চলে যায় তাহলে দুর্নীতির প্রবাহ শুরু হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাস উদ্দিন। বুধবার (২৯ ডিসেম্বর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে বণিক বার্তা আয়োজিত দ্বিতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২১-এ এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।
ফরাস উদ্দিন বলেন, কোভিডকালে যে প্রণোদনা দেওয়া হয়েছে এর ৮০ শতাংশই পেয়েছে বড় উদ্যোক্তারা। ক্ষুদ্র ব্যবসায়ীরা সেভাবে প্রণোদনার অর্থ পাননি। বিষয়টিকে নিয়ে তিনি আরও ভাবার আহ্বান জানান। মানি লন্ডারিং ঠেকাতে বাংলাদেশ ব্যাংককে গুরুত্বপূর্ণ ও কঠোর ভূমিকা পালনের ওপর জোর দেন সাবেক এই গভর্নর।
অনুষ্ঠানে সরকারের অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার বলেন, বিশ্বের ৪১টি শীর্ষ অর্থনীতি দেশের মধ্যে মাত্র আটটি দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি ইতিবাচক ছিল গত অর্থবছরে। এর মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি ইতিবাচক প্রবৃদ্ধি ছিল। এটি সম্ভব হয়েছে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে যথাযথ যোগসূত্র থাকার কারণে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষ ৪১তম বড় অর্থনীতির দেশ, যা ২০৩৫ সালে ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ হবে। কোভিডজনিত ক্ষতি কাটিয়ে উঠতে বাংলাদেশ ব্যাংক নেতৃত্বের ভূমিকা পালন করেছে বলেও তিনি মন্তব্য করেন।
দ্য সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সম্মেলনটি শুরু হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অবদান তুলে ধরেন বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ। তিনি বলেন, দেশের অর্থনৈতিক পুনর্গঠনে যেসব প্রতিষ্ঠান ভূমিকা রেখেছে, এর মধ্য অন্যতম বাংলাদেশ ব্যাংক।









