জেলা ও উপজেলা পর্যায়ে ক্যান্সার বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য প্রচারণা চালানোর তাগিদ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, কেন্দ্র থেকে উদ্যোগ নিয়ে ব্রেস্ট ক্যান্সার ও জরায়ু-মুখ ক্যান্সারের বিষয়ে জেলা-উপজেলা পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা চালালে মা-বোনদের উপকার হবে। তারা এসব বিষয়ে আরও সচেতন হবেন। রবিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিবছর বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বর মাসব্যাপি ব্রেস্ট ক্যান্সার ও জরায়ু-মুখ ক্যান্সারের জন্য গরিব ও দুস্থ মহিলাদের বিনামূল্যে পরীক্ষা করা হবে বলেও স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা দেন।
একই অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম মাহমুদ বলেন, ব্রেস্ট ক্যান্সার ও জরায়ু-মুখ ক্যান্সারের বিষয় পাঠ্যপুস্তকে যুক্ত করার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানাতে হবে।পাশাপাশি উচ্চ মাধ্যমিক বা উচ্চ শিক্ষার কোন স্তরে এসব বিষয়কে তুলে ধরতে হবে, সেটাও ঠিক করতে হবে। তবে আমরা সে অনুযায়ী পাঠপুস্তকের মাধ্যমে জনগণকে সচেতন করার ব্যবস্থা নেব।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসীমা বেগম জনসচেতনতা প্রসঙ্গে বলেন, ব্রেস্ট ক্যান্সার ও জরায়ু-মুখ ক্যান্সারের বিষয় নিয়ে আমাদের মন্ত্রণালয় বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছে। তবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে যদি এসব বিষয় যুক্ত করা হয়, তাহলে প্রচারণাটা আরও ভালো হবে।
/এসআইএস/এমএন এইচ/








