অভিবাসন সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবেলায় ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ২০১৬’ নীতি প্রণয়ন করেছে সরকার।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নীতির খসড়ার অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ সফিউল আলম বৈঠক শেষে নিয়মিত বিফ্রিংয়ে এ তথ্য জানান।
সচিব বলেন, আন্তর্জাতিক অভিবাসন সংক্রান্ত বিভিন্ন আইনের প্রতি লক্ষ্য রেখে এবার ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ২০১৬’ নীতি প্রণয়ন করা হচ্ছে। আগে এ সংক্রান্ত একটি নীতিমালা রয়েছে। কিন্তু এবারের এ নীতিমালায় বিস্তারিত বর্ণনা করা হয়েছে।
সফিউল আলম বলেন, অভিবাসী শ্রমিকদের নিরাপত্তায় এই নীতিতে ৬টি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এতে অভিবাসী নারী শ্রমিকদের নিরাপত্তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে সরকার যদি মনে করে এই নীতি দিয়ে হচ্ছে না, সেক্ষেত্রে আইন করতে পারে।
৬টি নীতির অন্য ৫টি হচ্ছে- তুরস্কের সঙ্গে সামরিক ক্ষেত্রে প্রশিক্ষণ ও সহযোগিতা বিষয়ক খসড়ার অনুমোদন। জাতিসংঘের এসকাপের ‘ইন্টারগভর্মেন্ট অ্যাগ্রিমেন্ট অন ড্রাই পোর্টস’ শীর্ষক চুক্তির অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন। গত বছর কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ট্রেড অরগানাইজেশনের ১০ম মিনিস্টারিয়াল কনফারেন্সে বাংলাদেশ প্রতিনিধি দলের অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিতকরণ। গত বছরের নভেম্বরে প্যারিসে ইউনেস্কোর সদর-দফতরে অনুষ্ঠিত কনফারেন্সে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিতকরণ। গত বছরের নভেম্বরে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত ইসলামিক এডুকেশনাল, সায়িন্টিফিক অ্যান্ড কালচারাল অরগানাইজেশনের ১২তম সভায় শিক্ষামন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিতকরণ।
/ওএফ/আরএ/এফএ/








