জেলার চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. মোতালেব মোল্যার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রবিবার রাতে উপজেলার দুধবাজারের সামনে এ ঘটনা ঘটে। চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ পদ দাস বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্র জানায় সন্ত্রাসীরা মোতালেব মোল্যাকে চাইনিজ কুড়াল ও লোহার রড দিয়ে গুরুতর আঘাত করে। মুমূর্ষু অবস্থায় তাকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কোনও মামলা এখনও হয়নি।
হামলার বিষয়টি নিয়ে কথা হয় আহত এই নেতার সঙ্গে। তিনি বলেন, ‘সম্প্রতি উপজেলার আইনশৃঙ্খলা সভায় চরভদ্রাসনে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলেছি। এরপর থেকেই মাদক ব্যবসায়ীরা আমাকে হুমকি দিয়ে আসছিল।
তিনি আরও বলেন, রবিবার রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের একটি দল আমার ওপর হামলা চালায়। তাদের নেতৃত্বে ছিলেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক খোকন। খোকন দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে কথা বলায় আমার ওপর এ হামলা হয়েছে।
কথা হয় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো. আজাদ খানের সঙ্গে। তিনি বলেন, যারা মোতালেব মোল্যার ওপর হামলা করেছে তারা কোনও দলের নন, তারা সন্ত্রাসী। খোকনকে অবিলম্বে যুবলীগ থেকে বহিষ্কারের দাবি জানাই।
ওসি জানান, এ ঘটনায় থানায় কোনও অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পাওয়ামাত্র আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
/এইচকে/








