সচিবালয়েই মানা হচ্ছে না অর্ধেক জনবলের বিধি

শফিকুল ইসলাম
৩১ জানুয়ারি ২০২২, ১৭:১২আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১৭:১২

দেশে করোনা সংক্রমণ বাড়ায় যাবতীয় অফিস অর্ধেক জনবলে চলার বিষয়ে সরকারি নির্দেশনা থাকলেও সরকারের শীর্ষ প্রশাসনিক দফতরেই সেই নিয়ম মানা হচ্ছে না। উল্টো সচিবালয়জুড়ে লোকে লোকারণ্য। সকাল থেকে সন্ধ্যা অবধি সরগরম সচিবালয়। শুধু অফিস নয়, এখানকার কর্মকর্তা-কর্মচারীদের অনেকে দফতর ছেড়ে অফিসের বাইরে গিয়েও ব্যস্ত থাকেন নানা তদবিরে।

দেশে যে এখন আবার করোনা মাথাচাড়া দিয়ে উঠছে তার লেশমাত্র বোঝা যাবে না সচিবালয়ে গেলে। ভেতরে তো বটেই, সচিবালয়ের অভ্যর্থনা কেন্দ্র ও ওসমানি স্মৃতি মিলনায়তনের সামনে রীতিমতো জটলা পাকিয়ে চলে তদবির বাণিজ্য। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীও।

এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্য, অর্থ, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী অফিসের রোস্টার করা হয়েছে। সেখানে ৫০ বছরের বেশি বয়সী, অন্তঃসত্ত্বা নারী ও অসুস্থ কর্মকর্তাদের অফিসে আসতে মানা করা হয়েছে। ডিউটির তালিকাতেও অর্ধেক জনবল রয়েছে। তবে অনেকেই সেই রোস্টারের তোয়াক্কা করছেন না।

ওসমানি স্মৃতি মিলনায়তনের সামনে কথা হলো হাবিবুর রহমান নামের এক ব্যক্তির সঙ্গে। তিনি এসেছেন রাজধানীর বাড্ডা থেকে। জানিয়েছেন, এলাকার উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ক একটি ফাইলের খোঁজ নিতে সচিবালয়ে এসেছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজটির খোঁজ নিতে কথা বলছিলেন পাট মন্ত্রণালয়ের এক কর্মচারীর সঙ্গে। ওই কর্মচারী জানালেন, রোস্টার অনুযায়ী সোমবার ও বুধবার তার অফিসে আসার কথা। কিন্তু ‘বন্ধুর’ কাজ করে দিতে তিনি এসে পড়েছেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক কর্মচারী জানালেন, ‘অফিসের রোস্টার অনুযায়ী আজ আমার অফিস নেই। কিছু কাজ আটকে আছে, সেগুলো করতে এসেছি। সপ্তাহে দুদিন কাজ করে আগানো যাবে না।’

সচিবালয়ের ৫নং ভবনের সামনে কথা হয় অর্থ মন্ত্রণালয়ের এক চতুর্থ শ্রেণির কর্মচারীর সঙ্গে। তিনি জানান, ‘অফিস আজ না থাকলেও সচিবালয়ের ভেতর তিনি এসেছেন ন্যায্যমূল্যে চাল-আটা কিনতে।’

সচিবালয়ের ভেতরে কর্মরত পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছেন, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা প্রতিদিনের মতোই আসছেন। তাদের কার্ড আছে। তাই প্রবেশাধিকারও আছে। কিন্তু রোস্টার অনুযায়ী কার আজ আছে, কার নেই সেটা নিরাপত্তাকর্মীদের পক্ষে বোঝা সম্ভব নয়।    

এ প্রসঙ্গে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বললেন, সরকারি নির্দেশনা অনুযায়ী অর্ধেক জনবল দিয়েই অফিস চলবে। রোস্টার অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত দিনেই কর্মস্থলে আসবেন। নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

উল্লেখ্য, করোনা সংক্রমণ বাড়তে থাকায় উন্মুক্ত স্থানে সব ধরনের অনুষ্ঠান ও সমাবেশ বন্ধ রাখাসহ ১১ দফা বিধিনিষেধ আরোপ করেছে সরকার। ২৩ জানুয়ারির অপর এক আদেশে ২৪ জানুয়ারি থেকে অর্ধেক জনবল দিয়ে সরকারি-বেসরকারি ও আধা সরকারি অফিস পরিচালনার বিষয়ে নির্দেশনা জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

/এফএ/
সম্পর্কিত
ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
ঈদের ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য 
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লাগামহীন’ আচরণে উদ্বেগ স্বরাষ্ট্রমন্ত্রীর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম