জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণের মাধ্যমেই সমৃদ্ধাশালী দেশ গঠন সম্ভব। সাম্প্রদায়িক সম্প্রতি অটুট রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রূপকল্প ২০৪১ ও ডেল্টাপ্লান ২১০০ বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শনিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংসদের সারস্বতোৎসব সমন্বয় পর্ষদ আয়োজিত ‘সারস্বতোৎসব’-এ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
সান্ধ্যকালীন আরতি অনুষ্ঠানে সংসদ সদস্য পংকজ দেবনাথের উপস্থাপনায় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল ও নারায়ণ চন্দ্র চন্দ এবং সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্পিকার বলেন, বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে একযোগে কাজ করতে হবে। বিদ্যাচর্চার মাধ্যমে প্রকৃত জ্ঞান আহরণ করে সকলকে ব্যক্তিগত ও জাতিগত উৎকর্ষ সাধনে কাজ করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন অটুট রাখতে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
স্পিকার বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির যে মেলবন্ধন আমরা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে দেখতে পাই, তা অটুট রাখতে হবে এবং বঙ্গবন্ধু ৭২ এর সংবিধানে যে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলেছেন সে লক্ষ্যে কাজ করে যেতে হবে।
এর আগে, সকালের বাণী অর্চনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী যোগ দেন। তারা পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন। সান্ধ্যকালীন আরতির পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।









