রাজউকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের গণশুনানি হবে বুধবার (২৭ জানুয়ারি)। দুর্নীতি দমন কমিশনের (দুদক) ব্যবস্থাপনায় এই গণশুনানির আয়োজন করা হয়েছে রাজধানীর আবদুল গনি রোডে অবস্থিত ওসমানী স্মৃতি মিলনায়তনে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার জানিয়েছেন, বুধবার সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজউকের বিরুদ্ধে গণশুনানি শুরু হবে। দুদক কর্মকর্তাদের পাশাপাশি এ সময় রাজউক চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও থাকবেন সেখানে।
দুদক জানিয়েছে, সেবার জন্য রাজউকে যাওয়া অধিকাংশ মানুষই হয়রানির শিকার হন। তারা রাজউকের ঊর্ধ্বতনদের কাছে নালিশ করেও প্রতিকার পান না। দুর্নীতির কারণে রাজউকের বহু কর্মকর্তা ও কর্মচারী অগাধ সম্পদের মালিক হয়েছেন। সাম্প্রতিক সময়ে রাজউকে এই হয়রানি অনেক বেড়েছে।
এরই পরিপ্রেক্ষিতে দুদক এই গণশুনানির উদ্যোগ নেয়। গণশুনানি থেকে পাওয়া অভিযোগ খতিয়ে দেখে তা সমাধান ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সুপারিশ করবে দুদক। গত ২৫ জানুয়ারি পর্যন্ত দুদক রাজউকের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করে।
এদিকে রাজউকের বিরুদ্ধে অভিযোগ গ্রহণের জন্য দুদকের পক্ষ থেকে প্রচারাভিযান চালানো হয়। গত ২০ জানুয়ারি এই প্রচারাভিযানের উদ্বোধন করেন দুদক কমিশনার (অনুসন্ধান) মো. নাসিরউদ্দীন আহমেদ।
/ওএফ/এফএস/








