বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের বাংলাদেশ থেকে নিজ দেশে প্রত্যাবর্তনে জর্ডানের সহযোগিতা চায় বাংলাদেশ। জর্ডানের স্বরাষ্ট্রমন্ত্রী মাযেন ফারায়ে রবিবার (২০ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় এই সহযোগিতা চান আসাদুজ্জামান খান। এসময় তারা গোয়েন্দা তথ্য বিনিময় ও প্রশিক্ষণের বিষয়ে একমত হন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সৌজন্য সাক্ষাতে জর্ডান এবং বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জর্ডানে অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের ভিসা প্রাপ্তি/ নবায়ন সহজীকরণ এবং ইতোমধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের ভিসা নবায়ন প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান।
বাংলাদেশ পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ প্রদান এবং দু দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে তথ্য বিনিময়ের বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ প্রদান ও গোয়েন্দা তথ্য বিনিময়সহ মাদক সমস্যা সমাধানে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে তারা একমত হন।
বৈঠকে বাংলাদেশ ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল আইয়ূব চৌধুরী, সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী ও জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান উপস্থিত ছিলেন।









