ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে শনিবার রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করেন। সিইসির সঙ্গে আরও চার জনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা এমিলি, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।
নিয়োগের পরদিন রবিবার প্রধান বিচারপতি সিইসিসহ অন্য কমিশনারদের শপথ পড়ান। আজ সোমবার সকালে নির্বাচন কমিশন সকালে আগারগাঁও নির্বাচন ভবনে নিজ দফতরে যোগ দেওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিক দায়িত্ব পালন শুরু করেন। এদিন তারা ইসি সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সার্বিক বিষয়ে অবহিত হন। এরপর দুপুরে গণমাধ্যমের মুখোমুখি হন তারা।
বিকাল ৪টায় তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। আগামীকাল (১ মার্চ) সকাল ১০টায় নতুন ইসির সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে।









