এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ুসহনশীল ও ডিজিটালাইজড কৃষি নিশ্চিত করাই বাংলাদেশে চলমান জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৩৬তম এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনের লক্ষ্য বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
বৃহস্পতিবার (১০ মার্চ) ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে মন্ত্রী পর্যায়ের ১ম দিনের ১ম সেশন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, কৃষিসচিব মো. সায়েদুল ইসলাম ও খাদ্যসচিব নাজমানারা খানুম উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী বলেন, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলা করে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে আমরা গবেষণা ও উদ্ভাবনের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছি। টেকসই কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হলে ফসলের নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং তা সম্প্রসারণ করতে হবে।
কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এবারের সম্মেলনে কৃষি উৎপাদন থেকে কনজামশন পর্যন্ত অর্থাৎ মাঠে প্রযুক্তি নিয়ে যাওয়া, কৃষককে পরামর্শ প্রদান, ফসল উৎপাদন, হার্ভেস্ট, মজুত, মার্কেটিং এবং প্রসেসিংয়ের ক্ষেত্রে ডিজিটালাইজেশন একটি বড় ভূমিকা রাখতে পারে। কম্পিউটার রোবটের মতো উন্নত প্রযুক্তিগুলো ব্যবহার বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি আবহাওয়ার পূর্বাভাস ও অন্যান্য বিষয়গুলোতে প্রযুক্তির ব্যবহার নিশ্চিতের বিষয়ে অলোচনা হয়েছে।
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, অতীতের অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও বাংলাদেশ এত বড় সম্মেলন অত্যন্ত সফলভাবে আয়োজন করতে সক্ষম হয়েছে। এতে সারা বিশ্বে বার্তা গেছে, এই বাংলাদেশ আর পিছনে পড়ে থাকার বাংলাদেশ নয়।
বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এ সময় বলেন, জলবায়ুর পরিবর্তনকে মোকাবিলা করে কিভাবে আরও উৎপাদন বাড়ানো যায় সেটা এ সম্মেলন থেকে বেরিয়ে আসবে। সেটা বাংলাদেশের জন্য বড় সহায়তা হবে।
উল্লেখ্য, এফএও’র এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনের আজ তৃতীয় দিন ও মন্ত্রিপর্যায়ের ১ম দিন। এর আগে, দুদিন এফএও’র সদস্য দেশগুলোর কৃষি সচিবদের নিয়ে সিনিয়র অফিসিয়াল মিটিং হয়েছে। এরপর শুরু হয়েছে মন্ত্রী পর্যায়ের বৈঠক। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভার্চুয়ালি এ মন্ত্রী পর্যায়ের বৈঠকের উদ্বোধন করেন।
দিনের শুরুতে ১ম সেশনে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক সভাপতি নির্বাচিত হন।







