অষ্টম জাতীয় বেতন স্কেলে সহকারী শিক্ষককের পদ ৯ম গ্রেড ও সিনিয়র শিক্ষক পদটি অষ্টম গ্রেডভুক্ত করাসহ বেশ কিছু দাবি জানিয়েছে সরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকদের একাংশের তৈরি করা ‘বাংলাদেশ সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি’ নামের একটি সংগঠন। আগামী ১৫ মার্চের মধ্যে বেতন সংক্রান্ত দাবি পূরণ না হলে ২০ মার্চের পর সংবাদ সম্মলনের মাধ্যমে ক্লাস বর্জন, কর্মবিরতিসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সমিতির মহাসচিব মোখলেছুর রহমান বলেন, ‘অষ্টম জাতীয় বেতন স্কেলে মাধ্যমিক শিক্ষকদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। এতে সহকারী শিক্ষকদের বেতন স্কেল রাখা হয়েছে ১০ম গ্রেডে, আর সিনিয়র শিক্ষকদের রাখা হয়েছে বেতন স্কেলের ৯ম গ্রেডে। এর সমাধান দাবি করছি।’
তাদের উল্লেখযোগ্য দাবি- পদোন্নতির সুযোগ কম থাকায় ১৬ বছরে তিনটি টাইম স্কেল ও অন্য বিকল্প সুবিধা, মানবিক ও আর্থিক কারণে গেজেটেড ঘোষণার আগের যোগদানের সময়কাল বিবেচনা করে প্রায় পাঁচ হাজার সহকারী শিক্ষকের বিভিন্ন মেয়াদের বকেয়া টাইম স্কেল সিলেকশন গ্রেড, নিয়োগবিধি প্রণয়ন করে পিএসসির মাধ্যমে দ্রুত প্রায় দুই হাজার সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ ও প্রায় ৪৫০টি সহকারী প্রধান শিক্ষক, ৭০টি প্রধান শিক্ষক সম পদে দ্রুত পদোন্নতি।
সংগঠনের আহ্বায়ক মোফাজ্জল হোসেনসহ আরও উপস্থিত ছিলেন শিক্ষক নেতা মোহাম্মাদ আলী বেলাল, আশরাফুল হক ভূইয়া, এম এ মতিন প্রমুখ।
আরএআর/এজে/আপ-এনএস/








