গত অর্থবছরের তুলনায় প্রস্তাবিত বাজেটে সার বাবদ চার হাজার কোটি টাকা ভর্তুকি বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (৯ জুন) তিনি জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ করেন। এ সময় তিনি উল্লেখ করেন, গত অর্থবছরের বাজেটে সারে ভর্তুকি বাবদ বরাদ্দ রাখা হয়েছিল সাড়ে ৯ হাজার কোটি টাকা। কিন্তু বিশ্বজুড়ে সারের দাম বেড়ে যাওয়ায় বছর শেষে তা ১২ হাজার কোটি টাকা দাঁড়ায়। মূল্যবৃদ্ধি অব্যাহত থাকায় এবার ভর্তুকির পরিমাণ বাড়িয়ে ১৬ হাজার কোটি টাকা করা হয়েছে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে রাশিয়া-ইউক্রেন সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে সারের মূল্য উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে। তবে সারের আমদানি মূল্য বৃদ্ধি পেলেও আমরা দেশে সারের দাম বাড়াইনি। সারের ভর্তুকির পরিমাণ বৃদ্ধি করে হলেও কৃষকের কল্যাণের দিকে আমরা নজর দিয়েছি।’









