রাজধানীতে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। পল্লবীতে বেসরকারি মিম জেনারেল হাসপাতালে নাসির আহমেদ নাইম নামের ১১ বছরের একটি শিশুর লাশ উদ্ধার করে পুলিশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। শিশুর স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
পুলিশ জানায়, লক্ষ্মীপুরের রামগঞ্জের ফারুখ হোসেনের ছেলে নাইম ইলেকট্রিক শকে হাত পুড়ে যাওয়ার কারণে চিকিৎসা নিতে কিছুদিন আগে ঢাকায় আসে। তার দুটি আঙুল জোড়া লেগে গিয়েছিল। সে লক্ষ্মীপুরে একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়তো। ঢাকায় এসে পল্লবী ১২ নম্বরে ফুফা মানিকের বাসায় ওঠে সে।
মিম জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, অপারেশন করলে হাত ঠিক হয়ে যাবে। বুধবার রাত ১২টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়ার পর সে মারা যায়। স্বজনরা অভিযোগ করলে বৃহস্পতিবার সকালে পুলিশ ওই হাসপাতাল থেকে নাইমের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়।
পল্লবী থানার সাব-ইন্সপেক্টর জিয়াউল ইসলাম এই খবর নিশ্চিত করেন। নাইমের চাচা খোকন জানান, তারা মিম জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
/জেইউ/এফএস/এপিএইচ/আপ-এআর/








