নাইকো দুর্নীতি মামলায় জড়িতরা কানাডার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নছরুল হামিদ।
শুক্রবার দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলা গ্যাসফিল্ডে বিদেশি বিশেষজ্ঞ দলের ক্ষয়ক্ষতির জরিপকাজ পরিদর্শনের সময় তিনি এ কথা জানান।
নছরুল হামিদ বলেন, ‘কানাডার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নাইকো দুর্নীতি মামলায় জড়িত ব্যক্তিরা। দুর্নীতির মাধ্যমে করা চুক্তির ব্যাপারটি তারা স্বীকার করেছেন। তৎকালীন জ্বালানিমন্ত্রী খন্দকার মোশাররফের ব্যাপারেও আদালতে তারা সাক্ষ্য দিয়েছেন।’
তবে এ বিষয়ে আর কোনো কথা বলেননি প্রতিমন্ত্রী।
এ সময় দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান ইদ্রিছ আলী বীরপ্রতীক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঞ্জুর মুর্শেদ শাহরিয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, দোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম নেওয়াজসহ নাইকো কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী পরে স্থানীয় ক্ষতিগ্রস্তদের গণশুনানিতে অংশ নেন।
/এইচকে/এজে/








