কূটনীতিক মোহাম্মাদ সুফিয়ুর রহমানকে জেনেভাতে জাতিসংঘ অফিসে স্থায়ী প্রতিনিধি হিসাবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি তিনি সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত হিসাবেও দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে অস্ট্রেলিয়া ও ডেনমার্কে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত সুফিয়ুর নবম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের অফিসার। তিনি এর আগে মিয়ানমার ও শ্রীলঙ্কাতে রাষ্ট্রদূত হিসাবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি দিল্লি, জেনেভা ও ইসলামাবাদে বিভিন্ন পদে কর্মরত ছিলেন।
বুয়েটের স্নাতক সুফিয়ুর ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ করেছেন।
এদিকে সরকার কূটনীতিক একেএম শহীদুল করিমকে ডেনমার্কের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে ভুটানের রাষ্ট্রদূত শহীদুল ১৮তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের অফিসার। তিনি স্টকহোম, কায়রো ও লন্ডনে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। এছাড়া তিনি জেদ্দায় কনসাল জেনারেল হিসাবেও দায়িত্ব পালন করেছেন। ভুটানের রাষ্ট্রদূত হওয়ার আগে তিনি রাষ্ট্রাচার প্রধান ছিলেন।
বুয়েটের স্নাতক শহীদুল সিঙ্গাপুর ও জাপানে পড়াশোনা করেছেন। তিনি দুই সন্তানের জনক।
এছাড়া কূটনীতিক এম আল্লামা সিদ্দিকীকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত হিসাবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে ডেনমার্কের রাষ্ট্রদূত আল্লামা দশম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের অফিসার। তিনি এর আগে তুরস্কে রাষ্ট্রদূত হিসাবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি টোকিও, কোলকাতা, লন্ডন ও ইসলামাবাদে বিভিন্ন পদে কর্মরত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক এডমিনিস্ট্রেশন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন আল্লামা।









