এখনও হুন্ডির মাধ্যমে টাকা আসে: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২২, ১৬:০০আপডেট : ০৩ আগস্ট ২০২২, ২১:২৭

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এখনও হুন্ডির মাধ্যমে বিদেশ থেকে টাকা আসে। বুধবার (৩ আগস্ট) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘সারা বিশ্বে অফিসিয়াল চ্যানেলে টাকা আনা প্রাধান্য পায়, আমরাও সেভাবে প্রাধান্য দিচ্ছি। প্রধানমন্ত্রী আমাদের সবসময় তাদের উৎসাহিত করতে বলেন। এই টাকা তাদের টাকা। পরবর্তীকালে তারা যেকোনও কাজে ব্যবহার করতে পারবেন। কিন্তু হুন্ডির মাধ্যমে টাকা আনলে প্রশ্ন উঠবে, তারা টাকা পেলো কোথায়।’

হুন্ডিতে টাকা পাঠানোর পরিমাণ বেড়েছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এখনও হুন্ডি তো আছেই। আমাদের কাছেও তথ্য আছে—এখনও হুন্ডির মাধ্যমে টাকা আসে। যাতে কম আসে, সেটি নিরুৎসাহিত করতে আমরা তাদের সুফলটা বলছি। প্রধানমন্ত্রীও সেটি করেছেন। রেমিট্যান্স আমাদের অন্যতম একটি খাত। রফতানি বাণিজ্যের পরে রেমিট্যান্সের কারণে আমাদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে এবং অর্থনীতির চালিকাশক্তি হিসেবে কাজ করছে। আমি মনে করি, এটি আমাদের জন্য ভালো লক্ষণ।’

প্রবাসীদের প্রতি হুন্ডিতে না পাঠিয়ে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে প্রধানমন্ত্রীর আহ্বান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সবসময় অফিসিয়াল চ্যানেলে বিদেশ থেকে টাকা আসুক, সেটা প্রত্যাশা করি। কারণ, এটার যে সুফল সেটি অত্যন্ত প্রাসঙ্গিক। হুন্ডির মাধ্যমে যদি টাকা নিয়ে আসেন, সেটিকে অবৈধ বলবো না, সেটি কালো টাকা। যারা সেই টাকা হুন্ডির মাধ্যমে নিয়ে আসেন, তারা সবসময় বিবেকের কাছে দায়ী থাকবেন। তাদের আস্তে আস্তে অনেক টাকা হয়ে গেলে সেটি কিন্তু রেকর্ড করতে পারছেন না। কারণ, হুন্ডির টাকা রেকর্ড করা যায় না। কখনও  ইনকাম ট্যাক্স বা রেগুলেটরি অথরিটি এ সম্পর্কে প্রশ্ন করলে জবাব দিতে পারবেন না।’

কী পরিমাণ টাকা হুন্ডিতে আসে, সেটির কোনও পরিসংখ্যান আছে কিনা, জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, ‘আমার এই মুহূর্তে কোনও ধারণা নাই। আমি আগে একটি স্টাডি করে দেখেছিলাম, প্রায় কাছাকাছি অফিসিয়াল চ্যানেলে এসেছে ৫১ শতাংশ, আর হুন্ডিতে এসেছে ৪৯ শতাংশ। সেজন্য আমি মনে করি, সেই ধারাবাহিকতা এখনও আছে।’

অর্থমন্ত্রী বলেন, ‘আমরা যদি অফিসিয়াল চ্যানেলে আনতে পারি কেন আসবে না। অফিসিয়াল চ্যানেলে আনলে তো লস হচ্ছে না। তাদের জন্য কেবল প্রণোদনা না, তাদের স্বীকৃতিও দেওয়া হচ্ছে। তাদের ভবিষ্যৎ প্রজন্মও কিন্তু এটি সুন্দরভাবে ভোগ করতে পারবে। এতে প্রশ্ন বা দায়বদ্ধতা থাকবে না।’

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ঋণের প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, ‘আইএমএফ তো এ ধরনের কোনও প্রশ্ন আমাদের কাছে উপস্থাপন করেনি। আপনারাই পত্রিকায় লিখছেন। এটা নিয়ে আমি জবাব দেবো না। এটা কেন আপনারা বলছেন আমি জানি না, কেন বলছেন তাও জানি না। সাংবাদিক হলেও দেশের প্রতি তাদের দায়িত্ব আছে।

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
প্রতিটি মানুষের কথা মাথায় রেখেই আসছে নতুন বাজেট: অর্থমন্ত্রী
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার: অর্থমন্ত্রী
জিয়াউর রহমানের হত্যা মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ: অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম