অপ্রয়োজনে কেউ বিদ্যুৎ খরচ না করলে অফিস সময়সূচি একঘণ্টা এগিয়ে নিয়ে আসার পদক্ষেপ ফলপ্রসূ হবে বলে মনে করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, ‘অফিস সময়সূচি একঘণ্টা কম করায় বিদ্যুৎ সাশ্রয় হবে। এই বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে। এ ক্ষেত্রে আমন চাষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবে সেচ প্রকল্প। তাতে আগামীতে খাদ্য ঘাটতি হবে না।’
বুধবার (২৪) সবিচালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামে (বিএসআরএফ) বিএসআরএফ গ্রুপ বিমা চুক্তির অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘আজকে থেকে অফিস শুরু করার ফলে কাজে কোনও সমস্যা হবে না। সবাই স্বতঃস্ফূর্তভাবেই সরকারের এই সিদ্ধান্ত মেনে নিয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের অফিস উপস্থিতিও ভালো ছিল সকাল থেকে। তবে সরকারের এই সিদ্ধান্ত সাময়িক সময়ের জন্য। আপাতত কয়েকটি দিন দেখে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। শুধু বিদ্যুৎ সাশ্রয় করাই মূল উদ্দেশ্য।’
অফিস সময়সূচি কমানোর ফলে কাজ জমে যাবে না বলে মনে করছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘সবাইকে এই সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রত্যেকের কাজের পারফরমেন্স দেখা হবে।’









