
চাঁদাবাজির তিন মামলায় আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালতে ওই তিনটি মামলার শুনানি হয়।
নূর হোসেনের পক্ষে আইনজীবী ছিলেন মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট খোকন সাহা। তিনি জানান, তিনটি মামলার মধ্যে একটি মামলার বাদী ইতিমধ্যে আসামির সঙ্গে আপোষ করেছেন। ওই মামলাসহ তিন মামলায় আদালতে জামিন প্রার্থনা করা হয়েছিল। আদালত নামঞ্জুর করেছেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের উপ-পরিদর্শক গোলাম হোসেন জানান, আদালত তিন মামলায় নূর হোসেনের জামিন নামঞ্জুর করেছেন। এর মধ্যে দুটি মামলা বিচারের জন্য জজকোর্টে পাঠানো হয়েছে। অপর মামলাটির শুনানি পরবর্তীতে অনুষ্ঠিত হবে।
গত ১২ নভেম্বর নূর হোসেনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার পরদিনই তাকে সাত খুনের দুটি মামলাসহ ১১ মামলায় গ্রেফতার দেখায়। ১১টি মামলার মধ্যে সাত খুনের দুটি মামলা, চাঁদাবাজির তিনটি এবং অস্ত্র আইনসহ বিভিন্ন অভিযোগে মামলাগুলো রয়েছে।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন ও গাড়িচালক জাহাঙ্গীর আলম এবং আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম অপহৃত হন। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের এবং ১ মে একজনের লাশ উদ্ধার করে পুলিশ।
/বিটি/এসটি/








