বরিশাল, রংপুর, সিলেট ও পাবনার নতুন চারটি এবং চট্টগ্রামের পুরনো একটিসহ দেশে মোট পাঁচটি মেরিন অ্যাকাডেমি রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশে আরও তিনটি মেরিন অ্যাকাডেমি স্থাপন করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
সোমবার (৫ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ মেরিন অ্যাকাডেমি চট্টগ্রাম, বরিশাল, রংপুর, সিলেট ও পাবনার উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক সংক্রান্ত বৈঠকে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘মেরিন অ্যাকাডেমিগুলো দক্ষ নাবিক তৈরি করতে পারবে। বাংলাদেশ মেরিন অ্যাকাডেমির ৫৪তম ব্যাচ থেকে পাস করা (এ বছরের ফেব্রুয়ারি) ৩৫৯ জনের চাকরি দেশি-বিদেশি জাহাজে হচ্ছে। ফিমেল ক্যাডেটরা আমেরিকা, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের জাহাজে নিয়োগ লাভ করেছেন।’
বাংলাদেশের দক্ষ নাবিকদের জন্য অনেক সুযোগ হাতছানি দিচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আরও দক্ষ নাবিক তৈরি করবো। এর ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হবে। নতুন চারটি মেরিন অ্যাকাডেমির অনেক চ্যালেঞ্জ আছে; সেগুলো ওভারকাম করতে হবে।’
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বের বৈঠকে মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এসময় মেরিন অ্যাকাডেমির কমান্ডেন্টরাও ভার্চুয়ালি বৈঠকে যুক্ত ছিলেন।
নৌপরিবহন মন্ত্রণালয় জানায়, আজকের সভাটি বরিশাল, রংপুর, সিলেট এবং পাবনা মেরিন অ্যাকাডেমির প্রথম উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক সভা। বাংলাদেশ মেরিন অ্যাকাডেমি, চট্টগ্রামের ২৬তম উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক সভা।
বৈঠকে নতুন চারটি মেরিন অ্যাকাডেমির জনবল নিয়োগ, বাজেট, সিমুলেটর ক্রয়, জমি অধিগ্রহণসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়। সভায় জানানো হয়, চারটি নতুন মেরিন অ্যাকাডেমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন পেয়েছে।









