ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা আরও বৃদ্ধি করার জন্য বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র এই অঞ্চলের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের জন্য সেমিনার আয়োজন করতে যাচ্ছে। ৩ দিনব্যাপী ৪৬তম বার্ষিক ইন্দো-প্যাসিফিক আর্মি ম্যানেজমেন্ট সেমিনার (আইপিএএমএস) আগামী ১২-১৫ সেপ্টেম্বর ঢাকার রেডিসন হোটেলে অনুষ্ঠিত হবে।
এই বছরের সেমিনারের প্রতিপাদ্য বিষয় হলো ‘ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার সম্ভাবনা ও চ্যালেঞ্জ’। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্যাসিফিক অঞ্চলের প্রধান জেনারেল চার্লস ফ্লিন এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।
মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সেমিনার অত্র অঞ্চলের স্থলবাহিনীগুলোর (সেনাবাহিনী, মেরিন প্রমুখ) বৃহত্তম সমাবেশ।
আইপিএএমএস-এর উদ্দেশ্য হলো পারস্পরিক বোঝাপড়া, সংলাপ ও বন্ধুত্বের মাধ্যমে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা আরও বৃদ্ধি করা । সেমিনারে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেদের মতামত ও ধারণা বিনিময় করার মাধ্যমে তাদের কর্ম পরিব্যাপ্তি ও সমঝোতা আরও দৃঢ় করবেন ।
কনফারেন্সে প্লেনারি অধিবেশনের পাশাপাশি অংশগ্রহণকারীরা ছোট ছোট দলে ভাগ হয়ে প্রতিপাদ্য বিষয়ের সুনির্দিষ্ট দিকগুলো নিয়ে আলাপ আলোচনা করবেন। এছাড়াও অংশগ্রহণকারীরা বিশিষ্ট অতিথি বক্তাদের কাছ থেকে শান্তিরক্ষা কার্যক্রম, মানবিক সহায়তা/দুর্যোগে ত্রাণ বিতরণ, নেতৃত্বের বিকাশ এবং নারীর ক্ষমতায়ন ইত্যাদি বিষয়ের উপর বিষয়ভিত্তিক বক্তব্য শুনবেন এবং আলোচনায় অংশ নেবেন।
হাওয়াই-এর হনলুলুতে ১৯৭৭ সালে অনুষ্ঠিত আইপিএএমএস-এর প্রথম সম্মেলনে অংশগ্রহণকারী ৯টি দেশের সংখ্যা বেড়ে ২০১৭ সালে কোরিয়ার সিউলে অনুষ্ঠিত সেমিনারে ৩১টি দেশ হয়েছিল। আইপিএএমএস সম্মেলন অংশগ্রহণকারীদের ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনার করার এবং পারস্পরিক উদ্বেগের বিষয়গুলোতে মতবিনিময় করার সুযোগ করে দিয়ে থাকে।









