বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজধানীর তেজগাঁওয়ে ছয়টি সিএনজি ও ফিলিং স্টেশনকে ১০ লাখ টাকা জরিমানা করেছে র্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত। র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান এই তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত রাজধানীর মহাখালির শহীদ তাজউদ্দিন আহমেদ এভিনিউ এলাকায় র্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান। যে ফিলিং স্টেশনগুলোকে জরিমানা করা হয়েছে সেগুলো হলো- সিএম সার্ভিসিং স্টেশন অ্যান্ড সুপার প্লাস সিএনজি ফিলিং স্টেশন-২, তশোফা ফিলিং স্টেশন, মেসার্স সোহাগ ফিলিং অ্যান্ড সার্ভিসিং সেন্টার, মেসার্স ইসা গার্ডেন প্রাঃ লিঃ, এসআর এন্টারপ্রাইজ, স্বাধীন বাংলা ফিলিং এন্ড সার্ভিসিং সেন্টার।
এ সময় ভেজাল জ্বালানি বিক্রির দায়ে ছয় ফিলিং স্টেশনের মোট ৯ জনকে আটক করা হয় বলেও জানান তিনি। এরা হলেন- মো. রাসেল (৪১), মো. মাসুদ রানা (৩০), মো. মাহবুবুর রহমান (৬৫), অসীদ বণিক (৫০), মো. শাহীন (৪৫), মো. সালেহ আহমেদ (৪৬), রাজীব ঘোষ (২৫), মো. বাদশা (২৫) এবং তাপস চন্দ্র বিশ্বাষ (৪০)।
র্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, এই ফিলিং স্টেশনগুলো সঠিক পরিমাণে জ্বালানী তেল দেয় না। স্টেশনগুলোতে অকটেনের মধ্যে কেরোসিন, পোড়া মবিল, ডিজেল ইত্যাদি মিশিয়ে বিক্রি করা হচ্ছে। সিএনজি মিটারে কারসাজির মাধ্যমে অবৈধভাবে গ্যাস কম দেওয়া হচ্ছে। এসব অভিযোগে ছয় ফিলিং স্টেশনের মোট ৯ জনকে আটক করা হয় বলেও জানান তিনি।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, দীর্ঘদিন যাবৎ এই অপরাধ করে আসছিলো তারা।
তিনি জানান, তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪১ ধারা; দি স্ট্যান্ডার্ড অফ ওয়েটস্ অ্যান্ড মেজার্স এ্যাক্ট ২০০১ এর ৪৫ ধারা এবং বাংলাদেশ গ্যাস আইন-২০১০ এর ১০(১)(খ)/১০(২)(গ) ধারা মোতাবেক তাদেরকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
র্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিনের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে আরও উপস্থিত ছিলেন রুপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিঃ এর পরিচালক (অপারেশন) ইঞ্জিনিয়ার এ আই এম নুরুল্লাহ এবং বিএসটিআই’র সহকারী পরিচালক মোনাফ হোসাইন।
/এআরআর/এফএস/








