জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘আমি তোমাদেরই লোক’ নামের স্মারকগ্রন্থ প্রকাশ করা হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এই গ্রন্থ প্রকাশ করা হয়।
অনুষ্ঠোনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বাণিজ্য মন্ত্রণালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অনেক। তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের উন্নয়নে অনেক পদক্ষেপ নিয়েছিলেন। তিনি বাংলাদেশ চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান ছিলেন। মানুষকে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য দিতে টিসিবি গঠন করেছিলেন। দেশের রফতানি বৃদ্ধির জন্য নানামুখী পদক্ষেপ নিয়েছিলেন। সেই অবদানকে স্মরণীয় করে রাখতে এবং তাঁর সম্পৃক্ততা তুলে ধরার জন্য ‘আমি তোমাদেরই লোক’ স্মারক গ্রন্থ প্রকাশ করা হয়েছে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু খুব সহজে এবং কম সময়ে মানুষকে আপন করে নিতে পারতেন, কাছে টেনে নিতে পারতেন। বঙ্গবন্ধুর আহ্বানে আমি বাবাসহ মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। বঙ্গবন্ধু আমার আদর্শ। মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করে তাঁর আদর্শকে হত্যা করতে চেয়েছিল। তারা সফল হয়নি। বঙ্গবন্ধু আমাদের স্বাধীন বাংলাদেশ দিয়ে গেছেন। আজ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন। বঙ্গবন্ধুকে হত্যা করে তাঁর আদর্শকে হত্যা করতে চেয়েছিল। আদর্শের কোনও মৃত্যু নেই। তাদের সে উদ্দশ্য সফল হয়নি। এখন বঙ্গবন্ধুর আদর্শের জনপ্রিয়তা অনেক বেড়েছে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শুধু একজন ব্যক্তি ছিলেন না, একটি প্রতিষ্ঠান ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শেই বাংলাদেশ চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। বিশ্ববাসী এখন বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে। একসময় যারা বাংলাদেশকে দরিদ্রের রোল মডেল বলতেন আজ তারা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।









