শান্তিরক্ষা মিশন পরিদর্শনকে নৈতিক দায়িত্ব মনে করে সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২২, ২০:০৩আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ২০:০৩

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে একাধিকবার পরিদর্শনে যাওয়া সংসদীয় কমিটি আগামীতে অন্তত আরও তিনটি মিশন পরিদর্শনে যেতে চায়। সশস্ত্র বাহিনী বিভাগ থেকে দক্ষিণ সুদানে পরিদর্শনের প্রস্তুতি নিলেও সংসদীয় কমিটি আগে কুয়েত যেতে চায়। এরপর তারা দক্ষিণ সুদান ও লেবানন মিশনে যেতে চায়। বিভিন্ন শান্তিরক্ষা মিশন দেখতে যাওয়াকে সংসদীয় কমিটি তাদের নৈতিক দায়িত্ব বলেও মনে করে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির ২০ জুলাইয়ের বৈঠকের কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা গেছে। বুধবার অনুষ্ঠিত সংসদীয় কমিটির অপর বৈঠকে এ কার্যবিবরণী অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, শান্তিরক্ষা মিশনে যেতে গত বছর থেকে সুপারিশ করে এলেও করোনাভাইরাসের কারণে তা স্থগিত হয়ে যায়। করোনা সংক্রমণ কমে যাওয়ায় কমিটি নতুন করে মিশনে যেতে তোড়জোর শুরু করছে।

এর আগের বৈঠকে কমিটির সদস্য নাসির উদ্দিন দক্ষিণ সুদান সফরে সেনাবাহিনীর চিঠি পাঠানোর কথা তুলে ধরে প্রথমে কুয়েত যাওয়ার অভিমত ব্যক্ত করেন। সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ও তার সঙ্গে একমত পোষণ করে বলেন, প্রথমে কুয়েত ওকেপি পরিদর্শনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। পর্যায়ক্রমে দক্ষিণ সুদান এবং লেবাননে শান্তিরক্ষা মিশন পরিদর্শনে যাওয়া যেতে পারে।

কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া বলেন, সংসদীয় কমিটি বিদেশে বাংলাদেশ শান্তিরক্ষা বাহিনীর সদস্যদের কার্যক্রম পরিদর্শন করলে তাদের সুযোগ, সুবিধা এবং সমস্যা নির্ধারণ করা সহজতর হবে। পরিদর্শনের ক্ষেত্রে শুধু জাতিসংঘ শান্তিরক্ষা মিশন হতে হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই।

কুয়েতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অনেক সদস্য কাজ করছেন উল্লেখ করে তিনি বলেন, কুয়েত পুনর্গঠন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের দেখতে যাওয়া আমাদের নৈতিক দায়িত্ব।

পরে বিষয়টি ওই বৈঠকে সুপারিশ আকারে আসে। এতে বলা হয়- সংসদীয় কমিটি কুয়েত ওকেপি এবং দক্ষিণ সুদান ও লেবাননে জাতিসংঘ মিশন পর্যায়ক্রমে পরিদর্শন করবে। কমিটিতে আলোচনা মোতাবেক প্রতিনিধি দল গঠন ও সফরের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে মর্মে সুপারিশ করা হয়। বুধবারের বৈঠকে এই সুপারিশের অগ্রগতি প্রতিবেদনে বলা হয়- জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনের সংশ্লিষ্ট ফিল্ড মিশনসহ জাতিসংঘ সদর দফতরের অনুমোদনের প্রয়োজন হয়। এ ক্ষেত্রে ফিল্ড মিশনের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, হোস্ট কান্ট্রির অনুমোদন ইত্যাদি বিবেচনায় নিতে হয়। এসকল দিক বিবেচনায় নিয়ে কুয়েত পরিদর্শনের পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে। এ ব্যাপারে সেনা সদর ও বিএমসি সদর দফতর, ‍কুয়েতের সমন্বয়ে একটি সফর পরিকল্পনা শিগগরিই পাঠানো হবে।

প্রসঙ্গত, সংসদীয় কমিটি এর আগে ২০১৭ সালে লেবানন ও কুয়েত এবং ২০১৯ সালে গণপ্রজাতন্ত্রী কঙ্গো পরিদর্শন করেছে। এই তিনটি মিশন পরিদর্শনের আগেও সংসদীয় কমিটির সদস্যরা অন্য শান্তিরক্ষা মিশন পরিদর্শনে গেছেন। কমিটির সদস্যরা দুটি ভাগে বিভক্ত হয়ে ২০১৫ সালে আইভরি কোস্ট (ইউনোসি) এবং কঙ্গো (মোনুসকো) এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পরিদর্শন করেন।

এদিকে বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, জাতিসংঘ মিশনে আহত ও নিহত সদস্যদের পুনর্বাসনে সরকার অনুমোদিত ট্রুপস কস্ট এর অবশিষ্ট অংশ এবং শান্তিরক্ষীদের ঝুঁকি বিবেচনায় জাতিসংঘ হতে প্রদত্ত অর্থের অংশ বিশেষ নিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ হতে একটি ‘প্রধানমন্ত্রীর শান্তিরক্ষী কল্যাণ তহবিল’ গঠনের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য মোতাহার হোসেন, নাসির উদ্দিন, মহিবুবুর রহমান এবং বেগম নাহিদ ইজাহার খান অংশ নেন।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান