রাজধানীর উত্তরায় টাকা কালেকশনের সময় মানিক ওরফে সেজুতি (২৬) নামে এক হিজড়াকে গুলি করেছে অপর এক হিজড়া গ্রুপ। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের রাজীব মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের এসআই সেন্টু চন্দ্র দাস তার হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সেজুতি অভিযোগ করেন, তিনি উত্তরার রাজুক মার্কেটের সামনে টাকা কালেকশন করছিলেন। ওই সময় দুটি মোটরসাইকেলে এসে তাকে গুলি করে অন্যপক্ষ। হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে।
ঢামেক হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তার পেটে ও পিঠে গুলি লেগেছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢামেক হাসপাতালে হিজড়া আপন অভিযোগ করেন, ‘সীমা, কচি ও স্বপ্না হিজড়া সেজুতিকে গুলি করেছে। তারা গুলি করে পালিয়ে যায়। তারা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে এমন করে আসছে।'
উত্তরা পশ্চিম থানার এসআই শাহীন মিয়া বলেন, ‘আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি। যারা এর সঙ্গে জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।'
/এআরআর/এসটি/এফএস/








