ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, যে শিশুর চোখের তারায় ছিল অপার সম্ভাবনা, অন্য রকম আলো, বিকশিত হওয়ার আগেই যাকে ঝরে যেতে হলো, সেই রাসেল আমাদের ভালোবাসা, বাঙালির অন্তরজুড়ে থাকবেন চিরকাল।
মঙ্গলবার (১৮ অক্টোবর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৯তম জন্মদিনে ‘শেখ রাসেল দিবস ২০২২’ উদযাপন উপলক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রতি মন্ত্রী এসব কথা বলেন।
ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘যতদিন বাংলাদেশ থাকবে, পৃথিবীর মানচিত্রে বাংলা ভাষাভাষী মানুষ থাকবে, ততদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সঙ্গে- শেখ রাসেলও বেঁচে থাকবেন বাঙালির হৃদয়ে।’
তিনি বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবরূপী দানবের হাতে নিষ্পাপ শিশু রাসেলকে প্রাণ দিতে হলো। পাষণ্ড বুলেট হয়তো জানে না যে, মানুষের ভালোবাসায় যুগ যুগ যারা বেঁচে থাকে, মৃত্যু তাদেরকে স্পর্শ করতে পারে না।’
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আউয়াল হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুনীম হাসান উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এর আগে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় শেখ রাসেলের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এছাড়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুশফিকুর রহমান, পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার, ড. সৈয়দ শাহ এমরান, আনিছুর রহমান সরকার, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান। শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে আজ ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন, ৭টি ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমি ও মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের গণশিক্ষা কেন্দ্রগুলো বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।









