জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি)চেয়ারম্যান মিয়া ইনামুল হক সিদ্দিকীকে ‘বিধর্মী’ আখ্যায়িত করে তাকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, পাঠ্যপুস্তক বোর্ডের বিধর্মী চেয়ারম্যানকে বাদ দিয়ে ইসলামের ভাবধারায় উজ্জীবিত একজন শিক্ষাবিদকে চেয়ারম্যান করাসহ নৈতিকতাসম্পন্ন শিক্ষাবিদদের নিয়ে একটি পাঠ্যপুস্তক সংস্কার কমিটি গঠন করা জরুরি। বৃহস্পতিবার বিকেলে টঙ্গি বন্দর ময়দানে আয়োজিত এক ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি রেজাউল করীম বলেন,পাঠ্যপুস্তকে অধিকাংশ ভিন্ন ধর্মাবলম্বী লেখকদের লেখা প্রবন্ধে, গল্পে ও কবিতায় ফুটে উঠেছে সংখ্যালঘু বিভিন্ন সম্প্রদায়ের ধর্মতত্ত্ব ভাষা এবং শব্দ চয়নে রয়েছে হিন্দু ধর্মীয় প্রতিফলন, যা শতকরা ৯৫ ভাগ মুসলিম ছাত্র-ছাত্রীদের প্রয়োজন নেই।পাঠ্যপুস্তকে তথা সিলেবাসে ইসলামের নির্দেশনা না থাকার কারণে আমাদের সন্তানেরা তথা নাগরিকেরা নৈতিক মূল্যবোধ হারিয়ে ঘুষ দুর্নীতি মাদকাসক্ত, ব্যভিচার ও নারী নির্যাতনে ব্যাপৃত হয়ে পড়ছে। পাঠ্যপুস্তকে ধর্মীয় মূল্যবোধের বিষয় সংযুক্ত করা হলে দেশ, স্বাধীনতা ও ইসলাম রক্ষা পাবে। অন্যথায় দেশ বিজাতীয়দের কব্জায় চলে গেলে আমাদের করার কিছু থাকবে না। এমতাবস্থায় জরুরিভিত্তিতে পাঠ্যপুস্তক তথা সিলেবাস সংস্কার প্রয়োজন।
/সিএ/এপিএইচ/








