জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নিপীড়িত-বঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। শতভাগ বিদ্যুতায়ন এবং অবকাঠামোগত উন্নয়নের সুফল ভোগ করছে দেশের জনগণ। দেশের অর্থনীতি আজ শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে আছে। বিশ্বে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায় অধিষ্ঠিত।
সোমবার (১৪ নভেম্ব) রংপুরের কাবিলপুর ইউনিয়নের লালদিঘী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপকারভোগীদের মাঝে বাই-সাইকেল, সেলাই মেশিন, হুইল চেয়ার ও স্প্রে মেশিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধুমাত্র শহরকেন্দ্রিক উন্নয়নে বিশ্বাসী নন। তিনি এমনভাবে উন্নয়ন পরিকল্পনা সাজিয়েছেন যেন গ্রামে বসেই শহরের সব নাগরিক সুবিধা পাওয়া যায়। তার কৌশল ও দক্ষতাবলেই আমরা স্বল্পোন্নত দেশের কাতার থেকে উন্নয়নশীল দেশের পথে অগ্রসর হচ্ছি।’
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুদীর্ঘ ২৩ বছর রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে নিজের চাওয়া-পাওয়াকে তুচ্ছ করে বাঙালির অধিকার ও দাবি আদায়ে ব্রত থেকেছেন। বঙ্গবন্ধুর মতো মহান নেতার কারনেই আমরা পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ, লাল সবুজের বিজয় পতাকা এবং বিশ্বের শ্রেষ্ঠতম সংবিধান।’ এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৪ নভেম্বরকে জাতীয় সংবিধান দিবস হিসেবে ঘোষণাকে এক মাইলফলক হিসেবে অভিহিত করেন তিনি।
নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন সম্পর্কে স্পিকার বলেন, ‘স্থানীয় নারীদের জন্য ইউনিয়ন মহিলা প্রশিক্ষণ কেন্দ্র করা হচ্ছে। প্রতিটি ইউনিয়নে জাতির পিতার ম্যুরাল এবং শহীদ মিনার স্থাপন করা হচ্ছে এবং প্রয়োজনে আরও উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হবে।’ এ সময় তিনি শিশু কিশোরদের ঘরে আবদ্ধ না থেকে খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান।
উন্নয়নমূলক কর্মকাণ্ডে সরকারের সঙ্গে থাকার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বগুণে সারা দেশে যেমন উন্নয়ন হয়েছে, পীরগঞ্জেও একই ধারাবাহিকতায় উন্নয়ন হচ্ছে। সারা দেশে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যাক্তা ভাতা, মাতৃত্বকালীন ভাতাকে শতভাগ উন্মুক্ত করা হয়েছে।’
এ সময় স্পিকার ১৫ নম্বর কাবিলপুর ইউনিয়নের উপকারভোগীদের মাঝে ১১টি সেলাইমেশিন, ১০টি স্প্রে মেশিন, ১০টি হুইলচেয়ার এবং ৫০টি বাইসাইকেল বিতরণ করেন। এরপর তিনি পীরগঞ্জ উপজেলা পরিষদে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।
এছাড়ও তিনি পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপস্থিত হয়ে প্রধান অতিথি হিসেবে উপজেলা প্রশাসন পীরগঞ্জ থেকে প্রকাশিত ‘মহাকাব্যিক মুজিব’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।









