ফুটবল খেলা নিয়ে বাবার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কাছে আসার খুঁটিনাটি ঘটনাকে ফোকাস করে প্রকাশিত হয়েছে ‘মুজিব গ্রাফিক নভেল’ এর দ্বিতীয় খণ্ড। শনিবার অমর একুশে গ্রন্থমেলায় বইটির মোড়ক উন্মোচন করেছেন বঙ্গবন্ধুর নাতি শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে ছোটদের উপযোগী করে এই জীবনগ্রন্থ সিরিজটি প্রকাশ করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।
বইটির মোড়ক উন্মোচন করতে গিয়ে রাদওয়ান বলেন,‘এই বইয়ের জন্য বিশেষ করে আমার মা এবং খালা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আলাদা করে ধন্যবাদ জানাতে হবে। কারণ উনাদের ছাড়া এই কাজ আমি কোনওদিনও করতে পারতাম না। উনারা দুইজন আমাদের উৎসাহিত করেছেন। বসে বসে সম্পাদনা দেখে দেওয়া, এই কার্টুন ঠিক হয়নি, এই চেহারাটা আরেকটু ঠিক করে দেওয়া – এমন অনেক কিছু বলে তারা আমাদের পরামর্শ দিয়েছেন। সেই সঙ্গে ধন্যবাদ আমার টিমকে।’

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্র মন্ত্রী দিপু মনি, সংসদ সদস্য নাহিম রাজ্জাক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন প্রমুখ।
দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জানানো হয়েছে মোট ১২টি খণ্ডে এই গ্রাফিক নভেল সিরিজটি প্রকাশিত হবে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বঙ্গবন্ধুকে জানতে আগামী প্রজন্মের জন্য এই বইটা খুব কাজে দেবে। শিশুদের উপযোগী করে বইটা করা হয়েছে। এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এ ধরনের উদ্যোগ আরও নেওয়া উচিত।’
প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত সংসদ সদস্য নাহিম রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের এই যাত্রাটা শুরু করি এক থেকে দেড় বছর আগে। সে সময় আমাদের মাথায় কাজ করেছে, বঙ্গবন্ধু জাতির জনক এবং তার অসমাপ্ত আত্মজীবনী এমন একটি ডকুমেন্টেশন যে সেটাকে আজকের নতুন প্রজন্মের কাছে তুলে ধরা উচিত। সেটা করতে গিয়ে আমরা মনে করেছি মুজিব নামে একটি বই সংকলন করে প্রকাশনার মধ্যে নিয়ে যাবো এবং সেটি আমরা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করবো তাদের মতো করে। সেখান থেকেই মূলত শুরু করা। বঙ্গবন্ধুর নাতি রাদওয়ান মুজিব সিদ্দিক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর উদ্যোগে এবং সিআরআই (সেন্টার ফর রিচার্স অ্যান্ড ইনফরমেশন) তত্ত্বাবধানে আমাদের এ চেষ্টা বাস্তবে রূপ নিয়েছে।’

নাহিম রাজ্জাক বলেন, ‘আমরা ধীরে ধীরে ১২টি সংকলন বের করবো। আজ দুই নম্বর সংকলনটি বের হলো। গত বছর ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে প্রথম সংকলনটি বের হয়েছিল এবং সেটির মোড়ক উন্মোচনও করেছিলেন রাদওয়ান মুজিব। পরবর্তীতে আরও ১০টি সংকলন বের হবে। আমরা আশা করছি এই গ্রাফিক নভেলের মধ্য দিয়ে নতুন প্রজন্ম, পরবর্তী প্রজন্ম বুঝবে জানবে বঙ্গবন্ধু কে ছিলেন। শুধু একজন রাজনীতিবিদ হিসেবে নয়, জাতীয়তাবোধ নিয়ে একজন বাঙালি তার জাতির জন্য কেমন করে ত্যাগ স্বীকার করেছেন তাও জানা যাবে।’
প্রকাশনা অনুষ্ঠান শেষে রাদওয়ান মুজিব শিশুদের মাঝে কুইজ প্রতিযোগিতার উপহার হিসেবে এই সংকলনটিসহ অন্যান্য পুরস্কার তুলে দেন।
২৪ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ১৫০ টাকা।
/জেএ/এফএস/টিএন/








