ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বন্দুকযুদ্ধে রতন (৩০) নামে ডাকাত নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার ভোর সাড়ে ৪টার দিকে সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের সরাইলের বড্ডাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রতনের বাড়ি উপজেলার চুন্টা গ্রামে। রতন সরাইল পুলিশের তালিকাভুক্ত ডাকাত।
সরাইল থানার ওসি আলী আরশাদ জানান, সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের সরাইলের বড্ডাপাড়া এলাকার সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্ততির নেওয়ার সময় পুলিশের টহল টিমের চোখে পড়ে। এসময় ডাকাত দলের সদস্যরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। জবাবে পুলিশও গুলি চালালে রতন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। রতনের বিরুদ্ধে সরাইল থানায় ৬টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড র্কাতুজসহ একটি পাইপগান, ৪টি বল্লম ও ৪টি রামদা উদ্ধার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ জানান, ঘটনার সময় সরাইল থানার একজন উপ-পরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
/জেবি/এসটি/








