ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানি মামলায় সমন জারি করেছেন সিলেট ও খুলনার আদালত।
রবিবার সকালে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরোর আদালতে দুটি মামলা দায়ের করা হয়। ১০০ কোটি টাকা করে মোট ২০০ কোটি টাকার মানহানির অভিযোগে মামলা দুটি করেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আবদুল বাসিত রুম্মান এবং সাবেক সভাপতি রাহাত তরফদার।
আবদুল বাসিত রুম্মানের আইনজীবী হুমায়ুন কবীর বাবুল জানান, আদালত দুটি মামলা আমলে নিয়ে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে সমন জারি করেছেন। তাকে ৩০ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার বিষয়ে সিলেট জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামছুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, মামলার আর্জিতে ডেইলি স্টার পত্রিকাটি বন্ধেরও দাবি জানানো হয়। আদালত মামলাটি আমলে নিয়ে দণ্ডবিধির ২০০ ধারায় বাদী রাহাত তরফদারের জবানবন্দী রেকর্ড করেছেন বলেও জানান অতিরিক্ত পিপি।
অন্যদিকে রবিবার খুলনার আদালতে আরও দুটি মামলা দায়ের করা হয়েছে। পৃথক দুটি মামলায় ১৫ কোটি টাকার মানহানির অভিযোগ আনা হয়েছে। আদালত এক মামলায় সমন জারি করেছেন। অপরটি তদন্ত করার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে মাহফুজ আনামকে আগামী ২৯ মার্চের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে আগামী ২৮ মার্চের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদনও জমা দিতে বলা হয়েছে।
রবিবার সকালে মুখ্য মহানগর হাকিম ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দুটি দায়ের করেন জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক তসলিম হুসাইন তাজ ও যুগ্ম সম্পাদক পারভেজ হাওলাদার। বাদী পক্ষে মামলা দুটি পরিচালনা করেন বিভাগীয় স্পেশাল জজ আদালতের পিপি ফরিদ আহম্মেদ ও অ্যাডভোকেট প্রণব দেবনাথ।
মুখ্য মহানগর হাকিমের আমলি আদালত ক অঞ্চলের বিচারক আয়শা আক্তার মৌসুমী দশ কোটি টাকার মানহানি মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি নির্দেশ দেন।
অপরদিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীন আমলি আদালত ক অঞ্চলের বিচারক মো. মঞ্জুর হোসেন পাঁচ কোটি টাকার মানহানির অভিযোগটি আমলে নিয়ে মাহফুজ আনামকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
অন্যদিকে রাঙামাটিতে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালতে মাহফুজ অনামের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রাঙামাটির কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি নাসিরউদ্দিন। আমলি আদালতের বিচারক সামসুদ্দীন খালেদ বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কোতয়ালি থানাকে নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করে ডেইলি স্টার। সম্প্রতি একটি টিভি টকশোতে সম্পাদক মাহফুজ আনাম ওই সংবাদ প্রকাশের ব্যাপারে বলেন, ওই সংবাদ প্রকাশ করা তার সাংবাদিকতা জীবনের বড় ভুল। এরপর থেকেই ক্ষামতাসীন দলের নেতাকর্মীরা মাহফুজ আনামের বিচারের দাবি জানাচ্ছেন। দেশের কয়েকটি জেলায় তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মানহানি মামলা হয়েছে।
/এসএম/এজে/








