
সুপ্রিম কোর্টের আইনজীবীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আগামী ৩১ মার্চ পর্যন্ত কাগজে ছাপা কার্যতালিকা প্রকাশে সম্মতি দিয়েছেন প্রধান বিচারপতি। এরপর কাগজের তালিকার পরিবর্তে শুধু অনলাইনেই তালিকা প্রকাশ করা হবে বলে সুপ্রিম কোর্ট সূত্র জানিয়েছে।
১ ফেব্রুয়ারি থেকেই সুপ্রিম কোর্টের কার্যতালিকা পুরোপুরি অনলাইনে প্রকাশ করার কথা ছিল। ২৮ জানুয়ারি এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণাও দেওয়া হয়। পরে সুপ্রিম কোর্টের আইনজীবীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে কাগজে ছাপা কার্যতালিকা প্রকাশের মেয়াদ আরও বৃদ্ধির এ সম্মতি দেয় প্রধান বিচারপতি।
রেজিস্ট্রার জেনারেল জানান, ডিজিটালাইজেশন নিশ্চিত করতে কাগজের কার্যতালিকা তুলে দেওয়া হচ্ছে। এতে মামলাজট, জনদুর্ভোগ, সংশ্লিষ্টদের খরচও কমবে। তিনি বলেন, ‘সবার আন্তরিক প্রচেষ্টায় আমরা অনলাইন কার্যতালিকা বাস্তবায়ন করে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে আরও এক ধাপ এগিয়ে নিতে সমর্থ হবো। বর্তমান সরকারের যে ডিজিটাল দেশ গড়ার প্রত্যয় রয়েছে তার সঙ্গে শরিক হয়ে আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ জাতি গঠনে অবদান রাখতে পারবো।’
গত বছরের ১ নভেম্বর থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যতালিকা কাগজে ছাপানোর পাশাপাশি একযোগে অনলাইনেও প্রদর্শন শুরু হয়। তিনমাস পরীক্ষামূলকভাবে ছাপা ও অনলাইন কার্যতালিকা একসঙ্গে চালু থাকবে। এরপর কাগজে কার্যতালিকা ছাপা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে।
রেজিষ্ট্রার জেনারেল জানান, সুপ্রিম কোর্টের ওয়েবসাইটকে আরও সমৃদ্ধকরণসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তি সংক্রান্ত তথ্য ও নিউজ এখন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে অনলাইনে (নিউজ আবডেট) দেওয়া হচ্ছে। খবর বাসস।
/এসটি/








