ভুল তথ্যে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র, সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২৩, ২০:১৩আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ২০:১৩

ভুল তথ্যের ভিত্তিতে প্ররোচনায় পড়ে র‌্যাবের বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছিল বলে সংসদে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন,  ২০২১ সালের ১০ ডিসেম্বর ভ্রান্ত তথ্য, ভুল তথ্যের ভিত্তিতে প্ররোচনায় পড়ে বাংলাদেশের অন্যতম সফল আইনশৃঙ্খলা বাহিনী র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল আমেরিকা।

মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞাসহ বিভিন্ন ইস্যুতে গত এক বছরে অন্তত ১৫ থেকে ২০ টি গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। করোনার কারণে ২০২১ সালের ডিসেম্বরের আগে ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় সরাসরি সফর হয়নি বলেও জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ২০২১ সালের ডিসেম্বরের পরে আমরা যোগাযোগ করেছি। তারা (বিএনপি) ভেবেছিল পরবর্তী ডিসেম্বরের (২০২২) মধ্যে আরেকটা নিষেধাজ্ঞা আদায় করতে পারবে। আমরা জানি আমাদের শক্তি কোথায়। সেই সঙ্গে আমরা আমাদের সীমাবদ্ধতাও জানি। সবকিছু মিলিয়ে আমরা শুধু মার্কিন প্রশাসন নয়, এ বিষয়গুলো নিয়ে যার যার আগ্রহ রয়েছে ওইসব জায়গাতেও আমাদের গঠনমূলক কার্যক্রমের মাধ্যমে বোঝাতে সক্ষম হয়েছি। বিএনপির সেই পরিকল্পনা মাঠে মারা গেছে।

১০ ডিসেম্বরের পরে বিএনপি নেতারা কোথায় লুকাবেন সেই পরিকল্পনা করেছিল বলেও দাবি করেন তিনি। 

একটি চিঠি দেখিয়ে শাহরিয়ার আলম বলেন, আমি আজকে একটি চিঠির কপি নিয়ে এসেছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবের কাছে চিঠি লিখেছিলেন ২০২০ সালের ১৮ জানুয়ারি। কালকে হয়তো তারা (বিএনপি) সংবাদ সম্মেলন করে বলবে এই চিঠি সত্য নয়।

ওই চিঠিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেকে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের মহাসচিব বলে উল্লেখ করেছেন বলে দাবি করেন শাহরিয়ার আলম। তিনি বলেন, বিএনপি জাপানের প্রধানমন্ত্রীর কাছে সর্ববৃহৎ রাজনৈতিক দল দাবি করছে। জাপানের তো চোখ, কান, মাথা আছে। তাদের এখানে একজন প্রতিনিধি আছে। একজন রাষ্ট্রদূত আছে। তারা ভালো মতোই জানে বাংলাদেশে সর্ববৃহৎ ও প্রাচীন রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি নয়।

জিয়াউর রহমান সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নিহত হয়েছে বলে চিঠিতে দাবি করলেও তিনি যে সামরিক আইন দিয়ে ক্ষমতা দখল করেছিলেন সেটা চিঠিতে উল্লেখ ছিল না বলেও জানান শাহরিয়ার। ষড়যন্ত্রের কারণে ২০০৮ সালের নির্বাচনে বিএনপি পরাজিত হয়েছিল বলে চিঠিতে উল্লেখ আছে বলে দাবি করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, গণজোয়ারের কারণে ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়েছিল।

ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য মোস্তফা লুৎফুল্লাহ বলেন,  দুর্নীতির দায়ে দণ্ডিত লন্ডনে পলাতক নেতার নেতৃত্বে জনগণ রাস্তায় নামবে এটা আশা করা ভুল। খালেদা জিয়া, তারেক রহমান দুজনই দুর্নীতির দায়ে দণ্ডিত। তাদের রাষ্ট্র মেরামতের আগে নিজেদের দুর্নীতি, অপকর্ম মেরামত করা দরকার।

২০১৪ সালের নির্বাচনের আগে বিএনপি–জামায়াতের আন্দোলনের কথা তুলে ধরে মোস্তফা লুৎফুল্লাহ বলেন, ওই সময় তার নির্বাচনি এলাকায় ১৬ জন নিহত হয়েছিল। সেসময় যে নৃশংসতা হয়েছিল, তিনি এলাকায় কৈফিয়ত দিতে পারেন না। কারণ এখন পর্যন্ত একটি বিচারও শেষ হয়নি। 

রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ ছাড়ের দাবি জানিয়ে মোস্তফা লুৎফুল্লাহ বলেন, এটি না হলে নির্বাচনি এলাকায় বিরূপ প্রতিক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়
সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ উদ্বোধন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম