জাতিসংঘ (ইউএন) কী বললো, সেটার ওপর তো বাংলাদেশ চলবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। কিছুদিন আগে জাতিসংঘ সরকারকে বলেছে— বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী যে কাজগুলো করছে, সেগুলো তদন্ত করে দেখার জন্য। এ বিষয়ে মতামত জানতে চাইলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমরা পরমুখাপেক্ষী হই কেন? আমরা নিজেরা প্রমাণ করি না কেন?’
রবিবার (১৯ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
আসন্ন রমজান প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আসন্ন রমজানে দ্রব্যমূল্যের বিষয়ে আমরা খুব সচেতন। একইসঙ্গে খাদ্যে ভেজাল রোধে মোবাইল কোর্ট পরিচালনা, রমজানের নিত্যপ্রয়োজনীয় পণ্যের যাতে অভাব না ঘটে এবং সরবরাহ যেন প্রচুর পরিমাণে থাকে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। পণ্যের দাম যেন ঠিক থাকে ও সরবরাহও যেন স্বাভাবিক থাকে, সরকার সে বিষয়ে প্রস্তুতিও নিচ্ছে।’
তিনি বলেন, ‘২১ ফেব্রুয়ারি যেন রাষ্ট্রীয় মর্যাদায় সুন্দরভাবে পালন করা হয়। এখানে রাষ্ট্রীয় শিষ্টাচার অনুসারে বিদেশি কূটনীতিকদের জন্য সেফটি সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। তাদের নিরাপত্তার জন্য কমিশনারকে বলা হয়েছে। তারা যাতে সুন্দরভাবে শহীদবেদিতে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারেন। এসময় যেন অতিরিক্ত ভিড় না হয়।’
আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।









