সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনে-প্রাণে বিশ্বাস করতেন সাংস্কৃতিক মুক্তি ছাড়া রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি অর্জন সম্ভব নয়। শিল্প-সংস্কৃতির প্রতি গভীর দরদ ও ভালোবাসার কারণে তিনি ১৯৭৪ সালের ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন।’
রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে শিল্পকলা একাডেমির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নন্দনমঞ্চে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
কে এম খালিদ বলেন, ‘সামাজিক অবক্ষয় ও জঙ্গিবাদ দূরীকরণে সংস্কৃতিই হচ্ছে প্রধান হাতিয়ার। সে জন্য সংস্কৃতি মন্ত্রণালয় আগামী অর্থবছর থেকে ৬৪ জেলা ও ৪৯২ উপজেলায় শিল্পকলাকে আরও সক্রিয়করণে এর কার্যক্রম ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। এজন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে।’
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংস্কৃতি সচিব আবুল মনসুর, একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ। এর আগে শিল্পকলা একাডেমির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি র্যালি বের করা হয়। পরে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।









