জাপানে আম রফতানির কাজ প্রায় চূড়ান্ত এবং শিগগিরই রফতানি শুরু হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের আম নিতে জাপানের আগ্রহ রয়েছে। রফতানির ক্ষেত্রে জাপানের পূর্বশর্ত পূরণে কাজ চলছে। দুই দেশ একসঙ্গে কাজ করছে। শিগগিরই জাপানে আম রফতানি শুরু হবে। একইসঙ্গে অন্যান্য ফলমূল ও শাকসবজি রফতানির সুযোগ তৈরি হবে।’
কৃষিবিজ্ঞানীদের প্রশিক্ষণ, বাংলাদেশে কৃষিযন্ত্র তৈরির কারখানা স্থাপন ও কৃষিখাতে জাপান আরও সহযোগিতা বাড়াবে বলেও জানান কৃষিমন্ত্রী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সময় এসব বিষয়ে সমঝোতা স্মারক সই হবে।’
জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, ‘কৃষিখাতে জাপান-বাংলাদেশের সহযোগিতা আরও বাড়াতে চাই। সেজন্য, সমঝোতা স্মারক স্বাক্ষর করতে চাচ্ছি, যাতে করে সহযোগিতার অগ্রাধিকার খাতগুলো চিহ্নিত করে সম্পর্ককে আরও শক্তিশালী করা যায়।’









