বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের করা নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য ১২ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
বুধবার ঢাকার বিশেষ জজ- ৯ এর বিচারক আমিনুল ইসলাম এর আদালত এই নতুন দিন ধার্য করেন।
অপর দিকে আদালতে বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ থাকায় তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময় আবেদন করলে আদালত আবেদন মঞ্জুর করেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৮ জুন খালেদার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা নাইকো দুর্নীতি মামলা স্থগিত করে দেওয়া আদালতের আদেশ বাতিল করে দেন বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। আদালতের এ রায় পাওয়ার দুই মাসের মধ্যে নিম্ন আদালতে খালেদা জিয়াকে আত্মসমর্পণ করার নির্দেশ দেন।
গত বছর ৩০ নভেম্বর আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালতে তার জামিনের আবেদন মঞ্জুর করেন।
মামলার অভিযোগ: বেআইনিভাবে বাংলাদেশের নিজস্ব আবিষ্কৃত দু’টি গ্যাস ফিল্ডকে মিথ্যা এবং ভিত্তিহীন উল্লেখ করে পরিত্যক্ত গ্যাস ফিল্ড হিসেবে ঘোষণা দেয় তৎকালীন সরকার। নাইকো রিসোর্সেস বাংলাদেশ লিমিটেড নামে একটি অদক্ষ বিদেশি প্রতিষ্ঠানকে বিনা টেন্ডারে এবং সরকারি নিয়মনীতি বহির্ভূতভাবে ছাতক ও ফেনী গ্যাস ক্ষেত্রের গ্যাস উত্তোলনের সুযোগ দেয়। এর মাধ্যমে সেখানে মজুদ ২৭৬২ বিসিএফ গ্যাসের মধ্য থেকে উত্তোলনযোগ্য ১৭৪৪ বিসিএফ গ্যাস উত্তোলনের অবৈধ সুযোগ দিয়ে রাষ্ট্রের ন্যূনতম ১০ হাজার কোটি টাকা ক্ষতিসাধন করে।
অভিযোগপত্রের অপর আসামিরা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সাবেক সচিব খন্দকার শাহিদুল ইসলাম, নাইকো রিসোর্সেস লিমিটেডের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মূখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসেন, বাপেক্সের সাবেক ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক কোম্পানি সচিব মো. শফিউর রহমান, ওয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. গিয়াস উদ্দিন আল মামুন, ইন্টারন্যাশনাল ট্রাভেল করপোরেশনের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সেলিম ভূঁইয়া।
পরবর্তিতে ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম (বর্তমানে উপ-পরিচালক) বাদী হয়ে তেজগাঁও থানায় মামলা করেন।
২০০৮ সালের ৫ মে দুদকের সহকারী পরিচালক সাহিদুর রহমান খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
টিএইচ/এপিএইচ/








