পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরের আসার আমন্ত্রণ জানানো হয়েছে। কানাডার ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বিষয়ক মন্ত্রী হারজিত এস সজ্জনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তাকে (ট্রুডো) আমন্ত্রণ জানিয়েছি। তিনি জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে ভারত সফর করবেন। যদি তিনি সেই সময় এখানে আসতে সক্ষম হন তবে তা খুবই ভালো হবে।’
সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সজ্জনের সঙ্গে যৌথ প্রেস ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
বাংলাদেশে গণমানুষের মধ্যে ট্রুডোর ব্যাপক জনপ্রিয়তার কথা উল্লেখ করে মোমেন বলেন, ‘কানাডার প্রধানমন্ত্রী ছোটবেলায় বাংলাদেশ সফর করেছিলেন। বাংলাদেশে তার নাম জনপ্রিয়।’ ট্রুডো ১৯৮৩ সালে তার বাবা কানাডার প্রধানমন্ত্রী পিয়ের ট্রুডোর সঙ্গে বাংলাদেশ সফর করেছিলেন।
আমন্ত্রণ সম্পর্কে হারজিত এস সজ্জন বলেন, তিনি ব্যক্তিগতভাবে তার প্রধানমন্ত্রীকে ঢাকার আমন্ত্রণ পৌঁছে দেবেন। তিনি বলেন, ‘তিনি (ট্রুডো) তার বাবার সঙ্গে বাংলাদেশ ভ্রমণ করার কথা সবসময় স্মরণ করেন। আমি জানি, সুযোগ এলে তিনি এখানে সত্যিই আসতে চাইবেন।’
২০২১ সালের মার্চে ট্রুডো শৈশবে তার প্রথম বাংলাদেশ সফরের কথা স্মরণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতা লাভের ৫০তম বার্ষিকী উপলক্ষে একটি ভিডিও বার্তা পাঠিয়েছিলেন। এতে কানাডার প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘আমার বাবা এবং শেখ মুজিবুর রহমানের মধ্যে একটি দৃঢ় সম্পর্ক গড়ে ওঠছিল যা স্বাধীন বাংলাদেশের প্রতি কানাডার সমর্থন দানের মাধ্যমে সূচিত হয়েছিল।’ সূত্র: বাসস।









