রানা প্লাজা ধসের পর কারখানার নিরাপত্তা ও পরিদর্শনের ক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছে সরকার। গত প্রায় তিন বছরে কারখানা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরকে বিভাগে উন্নিত করা, কারখানা পরিদর্শনের জন্য নতুন পরিদর্শক নিয়োগ থেকে শুরু করে শ্রম আইনের সংশোধন ও বিধিমালা জারি করা হয়েছে।
কারখানা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ২০১৫ সালে তারা ৩১ হাজার ৮৩৬টি ব্যবসায়িক প্রতিষ্ঠান, কারখানা ও দোকান পরিদর্শন করেছেন এবং ত্রুটি-বিচ্যুতির কারণে ২ হাজার ২৪০টি মামলা করেছেন।
এর আগের বছর তারা ২৪ হাজার ১৯৭টি ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিদর্শন করে ১ হাজার ১১০টি মামলা করেছিলেন।
কর্মকর্তাটি জানান, ২৩টি আঞ্চলিক অফিসের মাধ্যমে তারা ৬৪টি জেলায় ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এদের মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামে সবচেয়ে বেশি প্রতিষ্ঠান আছে। আমরা কারখানা বা ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনের সময় শ্রমআইনের গুরুত্বপূর্ণ ধারা ঠিক মতো পালন করা হচ্ছে কিনা সেটি ভালোমতো পরীক্ষা করে থাকি। এছাড়া শ্রমিক কল্যাণে যেমন- তাদের নিয়োগপত্র ও শনাক্তকরণ কার্ড দেওয়া হয়েছে কিনা, নিরাপত্তার সব ব্যবস্থা, ইলেকট্রিক্যাল ব্যবস্থা ঠিক আছে কিনা ইত্যাদি পরীক্ষা করেছি।
উদাহরণ হিসেবে তিনি বলেন, ২০১৪ সালে যতগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে এর মধ্যে শ্রমআইন ভঙ্গ করা হয়েছে এমন অভিযোগের সংখ্যা ৪৪ হাজার ৩৪৭টি। এর একটি বড় অংশ নিয়োগ সংক্রান্ত ধারার লঙ্ঘন।
তিনি বলেন, এর কোনও ব্যত্যয় হলে আমরা তৎক্ষণাৎ প্রতিকারমূলক ব্যবস্থা নিই এবং যদি অপরাধের গুরুত্ব বেশি হয় তবে আমরা মামলা দেই।
সাতটি শ্রম আদালতে এ মামলাগুলো করা হয় এবং জেল ও জরিমানা উভয়ই করা হয়।
মোট ২৮৩ জন পরিদর্শক নিয়ে প্রায় ৮০ লাখ ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিদর্শন করা দায়িত্বপ্রাপ্ত এ বিভাগের আরেকজন কর্মকর্তা বলেন, প্রতিমাসে আড়াই হাজারের মতো প্রতিষ্ঠান পরিদর্শন করার সক্ষমতা তাদের আছে। রানা প্লাজা ধসের পর পরই ২০১৩-১৪ অর্থবছরে তাদের মোট বরাদ্দ ছিল ৬.২৯ কোটি টাকা কিন্তু ২০১৫-১৬ অর্থবছরে বাজেট বরাদ্দ পাচঁগুণ বেড়ে দাঁড়িয়েছে ৩১.৫০ কোটি টাকা।
তৈরি পোশাক শিল্পের প্রতি বিশেষ নজরের কারণে তারা ৩ হাজার ৭৩৪টি কারখানার পর্যালোচনা সম্পন্ন করে ফেলেছেন এবং এর মধ্যে ২ হাজার ৫৫৮টির রিপোর্ট বিভাগের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।
/এএইচ/








