১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে ঘুমন্ত নিরস্ত্র বাঙালিদের ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম গণহত্যার শোকাবহ স্মৃতি স্মরণে কালো পোশাকে ‘লালযাত্রা’ করেছে সাংস্কৃতিক সংগঠন প্রাচ্যনাট।
শনিবার (২৫ মার্চ) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়। এর আগে সেখানে সেদিনের কালরাত্রির গণহত্যার দৃশ্য চিত্রায়িত করা হয়।
লাল-কালো পতাকা নিয়ে শুরু হয় লালযাত্রা। দ্বিজেন্দ্র লাল রায়ের দেশাত্মবোধক গান-ধনধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা'র তালে তালে স্বোপার্জিত স্বাধীনতা থেকে রোকেয়া হলের সামনে দিয়ে ভিসি চত্বরে অবস্থিত স্মৃতি চিরন্তনে গিয়ে যাত্রাটি শেষ হয়। সেখানে পঁচিশে মার্চের সকল শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
এরপর প্রাচ্যনাটের হয়ে উল্লেখযোগ্য অবদানের জন্য দলটির পরিচালক আজাদ আবুল কালাম লাল স্যালুট দেন প্রাচ্যনাটের কর্মী নাহিদা আক্তার আঁখিকে।









